২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী   © টিডিসি ফটো

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ব্যাজ পরিয়ে দেন তিনি। এ সময় উপিস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‍্যাংক ব্যাজ পরিধানের মধ্য দিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের নতুন দাপ্তরিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো। গতকাল মঙ্গলবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন আইজিপি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের সরকার আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি দেয় আলী হোসেন ফকিরকে। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।