২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৩

সরে দাঁড়ালেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী  © সংগৃহীত

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। 

জানা যায়, ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এই কর্মকর্তার দায়িত্বকাল শেষ হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর। তবে নির্ধারিত সময়ের প্রায় নয় মাস আগেই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

সাজ্জাত আলীর এই সরে দাঁড়ানোর ঘটনাটি ঘটেছে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের আবহে। মাত্র একদিন আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে ডিএমপি কমিশনারের এই পদত্যাগ বিশেষ তাৎপর্য বহন করছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসন ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া শুরু করেছে, ডিএমপি প্রধানের এই প্রস্থান সেই পরিবর্তনেরই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাজ্জাত আলীর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, 'যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।' সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ডিএমপির শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পরিবর্তনের আগেই তিনি নিজে থেকে পদত্যাগপত্র জমা দিলেন।