২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮

দায়িত্ব নিলেন পুলিশের নতুন আইজিপি

দায়িত্ব গ্রহণ করছেন নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির  © সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

বিবৃতিতে বলা হয়, নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির আজ বুধবার সকালে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জানা যায়, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এ বি.কম অনার্স, এম.কম এবং এমবিএ ডিগ্রী লাভ করেন।

আরও পড়ুন: জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানি আজ

কর্ম জীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা, পুলিশ সুপার নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলা সমূহ, কমান্ড্যান্ট আরআরএফ সিলেট এবং অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেট এর দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ এবং সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। 

এছাড়াও এপিবিএন স্কুল এন্ড কলেজ, ঢাকার সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।