জাতীয় সেনা শহীদ দিবস: সকালে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী
জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে পরিচালিত এই সামরিক কবরস্থানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তার স্মৃতির প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীয় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের সেই কালো অধ্যায়ে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। এতে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ। দীর্ঘ দেড় দশক ধরে নিহতদের পরিবার ও সচেতন মহলের দাবির প্রেক্ষিতে এবং পিলখানা ট্র্যাজেডির ক্ষতকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ২০২৫ সালে ২৫ ফেব্রুয়ারিকে 'জাতীয় সেনা শহীদ দিবস' হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।