নতুন পুলিশ প্রধান হলেন আলী হোসেন ফকির
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য।
২০২৪ সালের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হয়ে তিনি বর্তমানে এপিবিএন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাগেরহাটের সন্তান আলী হোসেন এর আগে ডিএমপির ডিসি ও জাতিসংঘ মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে প্রথম দফায় তিনি চাকরি হারান।
এরপর আইনি মেকাবিলায় বিএনপি ক্ষমতায় এলে আবারও চাকরিতে ফেরেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালে ফের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর চাকরি ফিরে পান।