২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৯

জ্বালানি উপদেষ্টার পিএস হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস

জনপ্রশাসন মন্ত্রণালয়  © সংগৃহীত

অন্তবর্তীকালীন সরকারের সড়ক, রেল ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পিএস হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা গেল বছরের ১৮ আগস্ট মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে অনিয়মের অভিযোগ ওঠায় অন্তবর্তীকালীন সরকারের মেয়াদের মাত্র ৮ মাসের মাথায় বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয় তাকে।

বিগত সরকারের আমলে উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে তাদের একান্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেসময় বলা হয়েছিল, উপদেষ্টা যত দিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা পিএস পদে বহাল থাকবেন।