০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১১

গেজেটভুক্ত হচ্ছেন আরও ৪০৭ জুলাইযোদ্ধা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়  © সংগৃহীত

নতুন করে তিন ক্যাটাগরিতে গেজেটভুক্ত হচ্ছেন আরও ৪০৭ জুলাইযোদ্ধা। এরমধ্যে ‘ক’ ক্যাটাগরিতে একজন, ‘খ’ ক্যাটাগরিতে ১৭ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে ৩৮৯ জন জুলাই যোদ্ধার নাম রয়েছে। বর্তমানে তিন শ্রেণিতে মোট জুলাইযোদ্ধার সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন।  

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে জুলাই যোদ্ধাদের আরেকটি তালিকা এসেছে। এটি চূড়ান্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সব প্রক্রিয়া শেষ করে শিগগির জুলাই যোদ্ধাদের গেজেট জারি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা মূলত এই প্রক্রিয়ার শেষ প্রান্তে রয়েছি। যাচাই-বাছাই করে নাম তালিকাভুক্ত করার কাজটি স্বাস্থ্য মন্ত্রণালয়ই করে দেয়।’

উল্লেখ্য, অতি গুরুতর আহতদের ‘ক’ শ্রেণি, গুরুতর আহতদের ‘খ’ শ্রেণি ও সাধারণ আহতদের ‘গ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার কয়েক দফায় তিন ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করে। পরে মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়া ও একাধিকবার নাম আসা ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়।