৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ
সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ ৫ দফা দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন কর্মচারীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং শিক্ষা সচিবালয় অভিমুখে যাত্রা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। অবিলম্বে বৈষম্য দূর করে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটানো এসব বেসরকারি কর্মচারীর অধিকার নিশ্চিত করতে সরকারের উচ্চ মহলের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।
সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৩৫০টি সরকারি কলেজে তৃতীয় ও চতুর্থ শ্রেণির হাজার হাজার কর্মচারী গত ২০ থেকে ৩৫ বছর ধরে মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা বেতনে মানবেতর জীবনযাপন করে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘকাল ধরে সেবা দিয়ে গেলেও তাঁদের চাকরি এখনো রাজস্ব খাতে স্থানান্তরিত হয়নি।
এতে আরও বলা হয়, ১৯৯১ সালের নিয়োগবিধি অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে অস্থায়ী কর্মচারীদের রাজস্ব খাতে স্থায়ীকরণের সুযোগ ছিল। তবে পরবর্তী সময়ে নিয়োগবিধি পরিবর্তন এবং কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম চালুর ফলে দীর্ঘদিন ধরে কর্মরত এসব কর্মচারী সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এর আগে বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়ে তাঁরা বিভিন্ন সময় মানববন্ধন, সংবাদ সম্মেলন ও অনশন কর্মসূচি পালন করলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান মেলেনি।
কর্মচারীদের ৫ দফা দাবিগুলো হলো-বয়স শিথিল করে দ্রুত চাকরি রাজস্ব খাতে স্থানান্ত; রাজস্ব খাতে স্থানান্তর না হওয়া পর্যন্ত জাতীয় বেতন স্কেল অনুযায়ী পূর্ণ বেতন-ভাতা প্রদান; নতুন নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রেখে দীর্ঘদিন ধরে কর্মরত অভিজ্ঞ কর্মচারীদের পদায়নে অগ্রাধিকার দেওয়া; চাকরিজীবীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা; চাকরির কাল ও মেয়াদ অনুযায়ী পেনশন, গ্র্যাচুইটিসহ সরকারের অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান।