বৃহস্পতিবারের মধ্যে গেজেট না হলে শুক্রবার জুলাই চত্বর থেকে শেষ বিদায়ের হুমকি মনিরের
বিসিএসে গেজেটবঞ্চিত হয়ে পুনরায় গেজেট না হলে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছেন ৪৫ তম বিসিএসে মৎস্য ক্যাডারে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত মোঃ মনিরুজ্জামান নামের এক শিক্ষার্থী। ৪৫তম বিসিএস গেজেটে নিজের নাম না আসার ৪ দিন পর রবিবার (১৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
বিসিএস গেজেটে নাম না আসলে আত্মহত্যার হুমকি দিয়ে মনিরুজ্জামান লেখেন, আমি মনিরুজ্জামান, সেশন ২০১৫-১৬। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ৪৫ তম বিসিএস মৎস্য ক্যাডার গ্যাজেট বঞ্চিত। সুস্থ মস্তিষ্কে ঘোষণা করতেছি, বৃহস্পতিবারের মাঝে কোনো সিদ্ধান্ত না আসলে , আগামী শুক্রবার ২৩ অক্টোবর সকল মিডিয়ার সামনে , জুলাই চত্বরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করবো। সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করে দিও..।
উল্লেখ্য, দীর্ঘ ৩২২ দিন পর গত ১৪ অক্টোবর রাতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ১৭০২ জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করে ৪৫তম বিসিএসের গেজেট জারি করে সরকার। যেখানে বাদ পড়েন ১০৪ জন।