প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হচ্ছে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের বিষয়ে আলোচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের একজন কর্মকর্তা।
আজ শনিবার সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
তবে পরীক্ষার আগের রাতে সম্ভাব্য প্রশ্নফাঁসের গুরুতর অভিযোগ সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক স্ট্যাটাসে দাবি করা হয়, অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যিনি নিয়োগ পরীক্ষা কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তার এক আত্মীয়সহ অধিদপ্তরের একটি বড় চক্র এ ঘটনার সঙ্গে জড়িত।
ওই স্ট্যাটাসে আরও দাবি করা হয়, প্রার্থীপ্রতি গড়ে প্রায় ২৫ লাখ টাকায় চুক্তি করা হয়েছে। কথিত প্রশ্ন ও উত্তর রাতভর বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের পড়ানো হচ্ছে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি এইমাত্র শুনলাম। আমরা বসছি, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পরীক্ষা স্থগিত করা হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরীক্ষা বন্ধের বিষয়ে আমরা আলোচনা বসছি। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’