কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের
বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিশেষ নিয়োগের মাধ্যমে তাৎক্ষণিক কর্মসংস্থান নিশ্চিত করার এক দফা দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেছে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
রবিবার (৪ অক্টোবর) আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের অভিমুখে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে তারা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।
চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের দাবিতে ২০১৮ সালের ৫ অক্টোবর থেকে বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করে আসছেন তারা। দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানানো হলেও উচ্চশিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান সংকটের কার্যকর সমাধান হয়নি। এ অবস্থায় এবার একাধিক দাবি বাদ দিয়ে শুধু শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের দাবিতে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, আমরাও মানুষ। আমাদেরও পরিবার-পরিজন নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার এবং স্বাভাবিক জীবনযাপন করার অধিকার রয়েছে। বছরের পর বছর শিক্ষাজীবন শেষ করেও যখন একজন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট কর্মসংস্থানের সুযোগ পান না, তখন তাঁর জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।
তিনি বলেন, আমরা আর প্রতিশ্রুতি চাই না। আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের বাস্তব সমাধান চাই। তাই এবার আমাদের একমাত্র দাবি ‘কর্মসংস্থান’।
পুলিশি বাধার বিষয়ে মো. আলী হোসেন বলেন, আজ আমরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু পুলিশি বাধার কারণে সেখানে যেতে না পেরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে আমাদের আন্দোলন শুরু করতে হয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলনকারীরা বলেন, উচ্চশিক্ষা গ্রহণের পরও বছরের পর বছর বেকার থাকা প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের জন্য অত্যন্ত কষ্টকর ও অনিশ্চিত বাস্তবতা। রাষ্ট্রের কাছে তারা করুণা নয় বরং শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ চান।
তারা আরও বলেন, ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন তারা। কর্মসংস্থানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এক দফা দাবি
শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিশেষ নিয়োগের মাধ্যমে তাৎক্ষণিক কর্মসংস্থান নিশ্চিত করা।
এ আন্দোলনে অংশ নেন শতাধিক চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট। কর্মসূচিতে আন্দোলনকারীদের অনেকে প্রতীকীভাবে মাথায় কাফনের কাপড় ধারণ করেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের বেকারত্ব, অনিশ্চয়তা ও বঞ্চনার বিরুদ্ধে চরম অসহায়ত্ব এবং দাবি আদায়ে দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে তারা এ কর্মসূচি পালন করছেন।