২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২

জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি প্রকাশ

জাতীয় পেনশন কর্তৃপক্ষের লোগো  © সংগৃহীত

জাতীয় পেনশন কর্তৃপক্ষের অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর। এ পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময় প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপক ও সদস্য সচিব গ্রেড-১০ থেকে গ্রেড-২০ এর শূন্যপদে জনবল নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির সদস্য সচিব মোবাশ্বের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আগামী ৯ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে।

প্রবেশপত্র ডাউনলোড যেভাবে
প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ User ID ও Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে থাকা QR code স্ক্যান করেও সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

কোনো প্রার্থী User ID অথবা Password ভুলে গেলে বা হারিয়ে ফেললে ওয়েবসাইটের ‘Recover User ID/Password’ অপশন ব্যবহার করে তা পুনরুদ্ধার করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডসংক্রান্ত কোনো সমস্যায় টেলিটকের ই-মেইলে যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না। লিখিত পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।