২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২

১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

প্রতীকী ছবি  © সংগৃহীত

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২০০ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর)  বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো.তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগের জন্য ১৮তম বিজেএস পরীক্ষা, ২০২৫-এ সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ২০০ জন প্রার্থীর রোল নম্বরসমূহ মেধাক্রম অনুসারে প্রকাশ করা হলো।

এতে বলা হয়, কোনো প্রার্থী কর্তৃক অসত্য তথ্য প্রদান, তথ্য গোপন, যোগ্যতার কোনো ঘাটতি বা আবেদনপত্রে কোনো প্রকার অসঙ্গতি/গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান, তারিখ ও সময় নির্ধারণপূর্বক যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে অথবা প্রাক-পরিচয় যাচাই (Police Verification) প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে, সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে অথবা যুক্তিসঙ্গত কারণে প্রয়োজনবোধে কমিশন উক্ত ফলাফল পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা পুনঃনির্ধারণের ক্ষমতা সংরক্ষণ করে।