হজ গাইড নিয়োগ দেবে সরকার, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
২০২৭ হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সেবায় হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। সোমবার (২৭ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ (ওমরাহ) শাখা থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পদের নাম: সরকারি হজ গাইড (২০২৭ হজ মৌসুম)
আবেদন করার শেষ সময়: ৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: প্রার্থীদের [www.hajj.gov.bd/hajjguide](http://www.hajj.gov.bd/hajjguide) (হজ পোর্টাল) লিংকে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন-সংক্রান্ত তথ্য জানতে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
যোগ্যতা
* ন্যূনতম একবার হজ পালন করতে হবে এবং হজের আরকান-আহকাম, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ (সংশোধিত), হজ প্যাকেজ ও গাইডলাইন, লাগেজ রুলস এবং সৌদি আরবের হজ-সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে অবগত থাকতে হবে।
* হজ সফরে উদ্ভূত সমস্যা মোকাবিলায় দক্ষ হতে হবে।
* বয়স ন্যূনতম ৩২ বছর এবং সর্বোচ্চ ৬২ বছর হতে হবে।
* শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে।
* স্নাতকোত্তর, স্নাতক, এইচএসসি, এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
* বিশুদ্ধ কোরআন তেলাওয়াতে পারদর্শী হতে হবে।
* শরিয়ত ও সুন্নতের অনুসারী এবং বিনয়ী হতে হবে। আরবি ভাষায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
* মোবাইল অ্যাপ ব্যবহার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অগ্রাধিকার
নিজস্ব ইউজার আইডির মাধ্যমে ৪৪ জন (কম বা বেশি) হজযাত্রী সংগ্রহ করতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া প্রয়োজনীয় সংখ্যক হজযাত্রী সংগ্রহ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, আরবি ভাষা এবং হজের মাসয়ালা-মাসায়েলে দক্ষ ওমরাহ পালনকারী প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে হজ পালনের শর্ত শিথিল করা হতে পারে।
প্রয়োজনীয় শর্ত
* আবেদনের সময় হজ বা ওমরাহ পালনের প্রমাণপত্র সিস্টেমে আপলোড করতে হবে।
* হজ এজেন্সির স্বত্বাধিকারী, অংশীদার, এজেন্ট বা মোনাজ্জেম আবেদন করতে পারবেন না।
* সরকারি চাকরিজীবীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং সাক্ষাৎকারের সময় অনুমোদনের কপি দাখিল করতে হবে।
* আবেদনকারীকে নিজস্ব ইউজার আইডির মাধ্যমে হজযাত্রী নিবন্ধন করতে হবে, যা হজযাত্রী সংগ্রহের প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
* প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদসহ সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে।
* প্রাথমিকভাবে নির্বাচিতদের বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশ নিতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ কার্যক্রমের বিশেষ প্রকৃতির কারণে নারী প্রার্থীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনে অবহেলা বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনও গ্রহণ করা হবে না।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ গাইড নিয়োগ, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে প্রয়োজন অনুযায়ী যেকোনো শর্ত আরোপ, শিথিল বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা তারা সংরক্ষণ করে। পাশাপাশি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রার্থী টিএ/ডিএ পাবেন না।