২৭ জুলাই ২০২৬, ২২:২১

আল্টিমেটামের হুমকি দিয়ে আন্দোলনের ঘোষণা সুপারিশপ্রাপ্ত সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষকদের

আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিতরা  © সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিয়োগ সংক্রান্ত সুনির্দিষ্ট সময়সূচি বা লিখিত ঘোষণা না পেলে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তারা। আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিয়োগপ্রত্যাশীরা এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনের আগে নিয়োগপ্রত্যাশীদের একটি প্রতিনিধিদল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের সদস্যরা জানান, মহাপরিচালক তাদের নিশ্চিত করেছেন যে, আগামী ২৯ জুলাই তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে বসবেন এবং সেখানে এই নিয়োগের বিষয়টি তোলা হবে।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও দীর্ঘ ছয় মাস ধরে তারা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সরকারের পক্ষ থেকে বারবার মৌখিক আশ্বাস দেওয়া হলেও কোনো অগ্রগতি হচ্ছে না। তারা স্পষ্ট জানিয়ে দেন, ‘আমরা রাজপথে নামতে চাই না, ক্লাসরুমে ফিরে যেতে চাই। কিন্তু আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ২৯ জুলাইয়ের মধ্যে লিখিত বক্তব্য বা নির্দিষ্ট তারিখ না দিলে কঠোর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব।’

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। পরবর্তীতে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্ট সম্পন্ন হলেও দীর্ঘ ছয় মাস ধরে নিয়োগপ্রক্রিয়া থমকে রয়েছে।

ডিপিই সূত্রে জানা গেছে, বর্তমানে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের কাজ চলমান রয়েছে। ভেরিফিকেশন ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে নিয়োগপত্র দিয়ে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র (পিটিআই) থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর তাদের চূড়ান্ত পদায়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।