২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫

আর্জেন্টাইন ক্লাবকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিলের দল

পালমেইরাসের শিরোপা উদযাপন   © সংগৃহীত

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে ব্রাজিলের আধিপত্য অব্যাহত রয়েছে। আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেসকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ সালের কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের পালমেইরাস। উরুগুয়ের মন্টেভিডিওতে শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে জয়ের মধ্য দিয়ে চতুর্থবারের মতো মহাদেশীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দলটি।

এস্তাদিও সেন্তেনারিওতে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলেছে। বলের দখলে এগিয়ে থাকলেও এস্তুদিয়ান্তেসের জমাট রক্ষণ ভাঙতে পারেনি পালমেইরাস। বিরতির আগে লুকাস এভানজেলিস্তার একটি ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে পোস্টে আঘাত করে। তবে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর মাঠে ফিরেই আক্রমণের ধার বাড়ায় পালমেইরাস। ম্যাচের ৫২ মিনিটে আর্তুরের বাড়ানো বল ধরে আক্রমণ তৈরি করেন জন আরিয়াস। তার হেড থেকে পাওয়া বল কাছ থেকে জালে পাঠান রামন সোসা। ম্যাচের একমাত্র এই গোলেই এগিয়ে যায় ব্রাজিলের ক্লাবটি।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে এস্তুদিয়ান্তেস। গুইদো কারিয়োর শট ও এদউইন সেত্রের হেড থেকে গোলের সুযোগ তৈরি হলেও পালমেইরাসের গোলরক্ষক কার্লোস মিগেল দারুণ দুটি সেভ করেন। শেষ দিকে আর্জেন্টাইন ক্লাবটি আক্রমণের গতি বাড়ালেও পালমেইরাসের রক্ষণ ভাঙতে পারেনি।

এই জয়ের মধ্য দিয়ে ১৯৯৯, ২০২০ ও ২০২১ সালের পর চতুর্থবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতল পালমেইরাস। ব্রাজিলের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ চারটি শিরোপা জয়ের রেকর্ডে ফ্লামেঙ্গোর পাশে বসেছে তারা। দুই দলেরই শিরোপাসংখ্যা এখন চারটি।

শুধু পালমেইরাসের সাফল্যই নয়, এই জয় ব্রাজিলিয়ান ফুটবলের আধিপত্যকেও আরও শক্তিশালী করেছে। ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা আট আসরেই কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের কোনো না কোনো ক্লাব। প্রতিযোগিতাটির ইতিহাসে এর আগে কোনো দেশ টানা আটবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়তে পারেনি।

পরিসংখ্যানভিত্তিক জনপ্রিয় অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’-এর তথ্য অনুযায়ী, আর্জেন্টাইন ক্লাবগুলো সর্বোচ্চ টানা চার আসরে চ্যাম্পিয়ন হয়েছে। তারা এই কীর্তি গড়েছে দুবার। প্রথমবার ১৯৬৭ থেকে ১৯৭০ সাল এবং দ্বিতীয়বার ১৯৭২ থেকে ১৯৭৫ সালে।

অন্যদিকে উরুগুয়ের ক্লাবগুলোও দুবার টানা দুই আসরে শিরোপা জিতেছে। ১৯৬০ ও ১৯৬১ সালে এবং ১৯৮৭ ও ১৯৮৮ সালে এই সাফল্য পায় তারা। প্যারাগুয়ে, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডরের ক্লাবগুলোও লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে। তবে কোনো দেশই টানা দুই আসরে শিরোপা ধরে রাখতে পারেনি।

ব্রাজিলের সাফল্যের বিপরীতে আর্জেন্টাইন ক্লাবগুলোর জন্য সময়টা হতাশার। ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা আট আসরে কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিততে পারেনি দেশটির কোনো ক্লাব। প্রতিযোগিতাটির ইতিহাসে এটিই আর্জেন্টিনার সবচেয়ে দীর্ঘ শিরোপা-খরা।

উল্লেখ্য, গত বছর ফাইনালে ফ্লামেঙ্গোর কাছে হেরে রানার্সআপ হয়েছিল পালমেইরাস। এবার সেই হতাশা কাটিয়ে শিরোপা জিতেছে আবেল ফেরেইরার দল। এই জয়ের সুবাদে আগামী ডিসেম্বরে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি। পাশাপাশি ২০২৯ সালের ফিফা ক্লাব বিশ্বকাপেও জায়গা নিশ্চিত করেছে তারা।