আর্জেন্টিনায় মেসির সঙ্গে খেলতে পারেন রোনালদোও, ভেন্যু নির্ধারণ
আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেসের বিদায়ী ম্যাচে একসঙ্গে দেখা যেতে পারে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে মেসির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা। তবে রোনালদোর অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।
চার বছর আগে ফুটবলকে বিদায় জানানো তেভেসের সম্মানে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও ইউভেন্তুসের মতো ইউরোপের বড় ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ সময়ে শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে খেলেন এই আর্জেন্টাইন তারকা। ২০২২ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি।
ক্লাব ফুটবলে অনেক শিরোপা জেতা তেভেস গত বছর নিজের বিদায়ী ম্যাচে মেসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে সাবেক সতীর্থ রোনালদোকে একসঙ্গে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে এবার উদ্যোগ নিয়েছেন তিনি।
সাবেক জাতীয় দল সতীর্থ তেভেসের বিদায়ী ম্যাচে মেসির খেলার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে আয়োজকরা। এ প্রসঙ্গে তারা জানিয়েছে, ‘এল আপাচের (তেভেসের ডাক নাম) শেষ ম্যাচে বিশ্বের সেরা ফুটবলারকে স্বাগত জানাতে পারা হবে দারুণ সম্মানের।’
মেসি ছাড়াও ম্যাচটিতে খেলার কথা নিশ্চিত করেছেন রিও ফার্ডিনান্ড, সের্হিও আগুয়েরো, লেয়ান্দ্রো পারেদেস, জানলুইজি বুফ্ফন ও মার্তিন পালের্মো। তবে রোনালদোকে দেখা যাবে কি না, তা এখনো জানা যায়নি। পর্তুগিজ এই তারকা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাস্রের হয়ে খেলছেন।
তবে বিদায়ী ম্যাচের বাইরেও অতিথিদের নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে তেভেসের। নিজের বেড়ে ওঠার এলাকা বুয়েনস এইরেসের ফুয়ের্তে আপাচেতে মেসি ও রোনালদোকে নিয়ে একটি প্রীতি ম্যাচ খেলতে চান তিনি।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, টিওয়াইসি স্পোর্টসকে তেভেস বলেছেন, ‘এটা দারুণ হবে। তবে আমরা ২০ মিনিটের বেশি খেলতে পারব না। এরপর সেখান থেকে বের হতে পারব না! আমরা ক্যামেরা নিয়ে যাব, খেলব, তারপর চলে আসব।’
বুয়েনস এইরেসের ফুয়ের্তে আপাচেতেই কেটেছে তেভেসের শৈশব। কঠিন পরিবেশে বেড়ে ওঠা এই ফুটবলার ইউরোপে খেলার সময় ‘আপাচে’ নামে পরিচিতি পান। নিজের শিকড়ের সঙ্গে ফুটবলের দুই মহাতারকাকে পরিচয় করিয়ে দিতে চান তিনি।
মেসি ও রোনালদোকে নিয়ে তেভেসের আরও একটি মজার পরিকল্পনা রয়েছে। তার সাবেক বোকা জুনিয়র্স সতীর্থ রোলান্দো ‘ফ্লাকো’ শিয়াভিকে এই দুই তারকার বিপক্ষে খেলাতে চান তিনি। ৫৩ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডারকে নিয়ে মজা করে তেভেস বলেছেন, ‘মেসি কিংবা ক্রিশ্চিয়ানো যখন রোলান্দো শিয়াভির মুখোমুখি হবে, তখন দেখতে আমার খুব মজা লাগবে। সে ওদের দেখতেই পাবে না! আমি তাকে বলেছি, প্রস্তুত হও। ওরা কোথা থেকে আসবে, বুঝতেই পারবে না। তোমাকে মাটিতে ফেলে চলে যাবে।’
মেসি ও রোনালদোকে একই দলের জার্সিতে দেখার স্বপ্ন দীর্ঘদিনের ফুটবলপ্রেমীদের। তেভেসের এই উদ্যোগ সফল হলে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে শেষ পর্যন্ত রোনালদো আর্জেন্টিনায় আসছেন কি না, সেটিই এখন দেখার বিষয়।