রোমাকে ঘিরেই অবসরের স্বপ্ন দিবালার
আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ। বছরের মাঝামাঝি দলবদলের সময় তাকে ঘিরে বেশ আলোচনা হলেও শেষ পর্যন্ত রোমার সঙ্গে চুক্তি নবায়ন করেন এই ফরোয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতেই থাকবেন তিনি।
এবার নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায় কোথায় কাটাতে চান, তা নিয়েও মুখ খুলেছেন দিবালা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, রোমার জার্সি গায়েই পেশাদার ফুটবলকে বিদায় জানানো তার অন্যতম স্বপ্ন।
দিবালা বলেন, ‘আমি রোমাতেই ক্যারিয়ার শেষ করার আশা করি। এখানে অবসর নিতে পারলে দারুণ হবে। এমন খুব বেশি ক্লাব দেখি না যেখানে আমি যেতে পারি। আর রোমায় থাকতে আমার ভীষণ ভালো লাগে। ১৮ বছর বয়সে আমি ইতালিতে এসেছিলাম। নিজেকে অন্য কোথাও কল্পনা করতে পারি না। এটি আমার জন্য অসাধারণ এক ব্যাপার হবে।’
তবে রোমায় ক্যারিয়ার শেষ করার প্রবল ইচ্ছা থাকলেও ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না ৩২ বছর বয়সী এই ফুটবলার। সময়ের সঙ্গে ফুটবলের পরিস্থিতি ও সমীকরণ বদলে যেতে পারে বলেও মনে করেন তিনি।
এ প্রসঙ্গে দিবালা বলেন, ‘বিশেষ করে বর্তমান সময়ের ফুটবলে অনেক কিছুই বদলে যেতে পারে। আপাতত আমি কেবল মুহূর্তটা উপভোগ করছি। আমার চুক্তির আরও এক বছর বাকি আছে এবং দল যা অর্জন করছে তা উপভোগ করছি। পরে কী হয় দেখা যাবে।’
এদিকে, পায়ের কাফের চোট কাটিয়ে ইতোমধ্যে মাঠে ফিরেছেন দিবালা। পার্মার বিপক্ষে সিরি আ-তে রোমার ৫-১ গোলের বড় জয়ে শুরুর একাদশেও ছিলেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এখনো গোলের দেখা না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল। এর মধ্যে ফিওরেন্তিনার বিপক্ষেই এসেছে তার তিনটি অ্যাসিস্ট।
নিজের শারীরিক অবস্থা এবং দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট দিবালা। তবে এখনই রোমাকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখতে নারাজ তিনি। দলের সামর্থ্য নিয়ে আশাবাদী হলেও সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন এই আর্জেন্টাইন তারকা।
দিবালার ভাষায়, ‘আমরা শিরোপাজয়ী দল কি না, তা বলার সময় এখনো আসেনি। তবে আমরা জানি আমরা শক্তিশালী, আমাদের একটি সুস্থ ও দারুণ দল রয়েছে। আমরা ভালো করছি এবং আমাদের এই ধারা ধরে রাখতে হবে। কারণ সামনে কঠিন ম্যাচ আসছে। আমি ভালো অনুভব করছি। চোটের সময় কঠোর পরিশ্রম করেছি, পার্মার বিপক্ষে ভালো লেগেছে এবং ধীরে ধীরে আরও ভালো অনুভব করব।’