নাটকীয়তার অবসান, আফ্রিকার শ্রেষ্ঠত্ব ফিরে পেল সেনেগাল
মাঠের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। এবার আপিলেও জয় পেল তারাই। বহু নাটকীয়তার পর কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেয়েছে ‘লায়ন্স অব তেরাঙ্গা’। এতে আনুষ্ঠানিকভাবে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) চ্যাম্পিয়ন এখন সেনেগাল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) আগের রায় বাতিল করে সেনেগালের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। এতে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে মাঠের ফলাফলই বহাল থাকল।
সিএএসের বিবৃতিতে বলা হয়েছে, কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (ক্যাফ) ও রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সেনেগালিজ ফুটবল ফেডারেশনের করা আপিল মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে ক্যাফের আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে ডিসিপ্লিনারি বোর্ডের আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। ফলে ফাইনালে সেনেগালের ১-০ গোলের জয়ই চূড়ান্ত বলে স্বীকৃতি পেয়েছে।
গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে পাপে গেয়ের গোলে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল।
তবে ম্যাচের দুই মাস পর নিয়মবহির্ভূতভাবে মাঠ ছেড়ে যাওয়ার অভিযোগে সেনেগালের শিরোপা কেড়ে নেয় ক্যাফ। ম্যাচের শেষ দিকে রেফারি জঁ-জ্যাক এনদালার একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত।
নির্ধারিত সময়ের শেষ দিকে সেনেগালের একটি গোল বাতিল করেন রেফারি। এর পরপরই মরক্কোকে পেনাল্টি দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে যান সেনেগালের খেলোয়াড়রা। এতে প্রায় ১৭ মিনিট বন্ধ থাকে খেলা।
পরে খেলা শুরু হলে মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি ঠেকিয়ে দেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি। এরপর অতিরিক্ত সময়ে গেয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল।
তবে সেনেগালের মাঠ ছেড়ে যাওয়াকে ম্যাচ ছেড়ে দেওয়ার শামিল দাবি করে মরক্কো। মার্চে ক্যাফের আপিল বোর্ডও তাদের পক্ষে রায় দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, সেনেগালকে ম্যাচ ছেড়ে দেওয়া দল ঘোষণা করে ফাইনালের ফল মরক্কোর পক্ষে ৩-০ নির্ধারণ করা হয়।
সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল। শেষ পর্যন্ত রায় নিজেদের পক্ষে এনে শিরোপা ফিরে পেল আফ্রিকার দেশটি।