২৪ নভেম্বর ২০২৬, ২০:২৭

বড় পরিবর্তনের পথে সৌদি লিগ, কী হবে রোনালদোর ভবিষ্যৎ?

ক্রিশ্চিয়ানো রোনালদো  © সংগৃহীত

সৌদি প্রো লিগের দল গঠনের নিয়মে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। ঘরোয়া প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো এবং আন্তর্জাতিক তারকাদের আকৃষ্ট করতে ২০২৭-২৮ মৌসুম থেকে বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সৌদি সংবাদমাধ্যম আশারক আল-আওসাতের প্রতিবেদন অনুযায়ী, বিদেশি খেলোয়াড়ের কোটা ১৪, ১৬ কিংবা ১৮ জনে উন্নীত করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এমনকি নিবন্ধনের সর্বোচ্চ সীমা পুরোপুরি তুলে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ক্লাবগুলোর মতামত নেওয়ার পাশাপাশি সীমাহীন বিদেশি খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারের বিষয়টিও ভাবছে কর্তৃপক্ষ।

বর্তমানে ২০২৬-২৭ মৌসুমের নিয়ম অনুযায়ী, ২৫ সদস্যের মূল স্কোয়াডে সর্বোচ্চ ১০ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে প্রতিটি ক্লাব। এর মধ্যে ৮ জন সিনিয়র পেশাদার ও দুজন অনূর্ধ্ব-২১ বয়সি। এ ছাড়া সৌদি আরবে জন্ম নেওয়া একজন পেশাদার ফুটবলার নিবন্ধনের অতিরিক্ত সুযোগ রয়েছে।

লিগের ম্যাচে নিবন্ধিত বিদেশিদের মধ্যে সর্বোচ্চ আটজনকে স্কোয়াডে রাখা যায়। তবে কিংস কাপ ও সৌদি সুপার কাপে ১০ বিদেশি খেলোয়াড়কেই একাদশে রাখার সুযোগ রয়েছে।

নতুন নিয়ম কার্যকর হলে আল-নাসরের মতো বড় ক্লাবগুলো আন্তর্জাতিক বাজার থেকে আরও বেশি তারকা ফুটবলার দলে নেওয়ার সুযোগ পাবে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে শক্তিশালী দল গঠনের পাশাপাশি জোয়াও ফেলিক্স ও সাদিও মানের সঙ্গে আরও মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় যুক্ত করতে পারবে তারা। যদিও বিষয়টি নির্ভর করবে নতুন নিয়মের সঙ্গে যুক্ত আর্থিক বিধিনিষেধের ওপর।

তবে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বাড়লে সৌদি তরুণদের খেলার সুযোগ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণে একাডেমির উন্নয়ন এবং স্থানীয় ফুটবলারদের বিদেশি লিগে খেলার সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

২০২৭-২৮ মৌসুম থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা থাকলেও তখন আল-নাসরে রোনালদোকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পর্তুগিজ তারকার সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন। চুক্তি অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুম পর্যন্তই আল-নাসরে থাকার কথা তার। এরপর ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা এখনো নিশ্চিত নয়।