২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭

ইতিহাস গড়ে মেজর লিগের বর্ষসেরা তরুণ বাংলাদশী বংশোদ্ভূত সুলিভান

কাভান সুলিভান  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৭ বছর বয়সে এই পুরস্কার জিতে লিগটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী বিজয়ী হয়েছেন ফিলাডেলফিয়ারআক্রমণাত্মকভাগের এই মিডফিল্ডার।

গতকাল সোমবার এমএলএস কর্তৃপক্ষ তার নাম ঘোষণা করে। পুরস্কার জয়ের সময় সুলিভানের বয়স ছিল ১৭ বছর ৫৬ দিন। ২০২০ সালে বর্তমান কাঠামোয় এই পুরস্কার চালুর পর তিনিই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সম্মাননাটি পেলেন। একই সঙ্গে ফিলাডেলফিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন তিনি।

২০২০ সালে রুকি অফ দ্য ইয়ার পুরস্কারের পরিবর্তে অনূর্ধ্ব-২২ বছর বয়সী সেরা খেলোয়াড়দের জন্য চালু হয় বর্ষসেরা তরুণ পুরস্কার। এর আগে এই রেকর্ডটি ছিল রিকার্ডো পেপির, ২০২১ সালে ১৮ বছর ৩১৩ দিন বয়সে এই পুরস্কার জিতেছিলেন তিনি। এবার তাকে ছাড়িয়ে গেলেন সুলিভান।

ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি গড়লেন সুলিভান। ক্লাবের কারিগরি বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। ভোটের মোট হারে তার ধারে কাছেও নেই কেউ। মোট ৬৫.০৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম নিউ ইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল পেয়েছে ১০.৯৮ শতাংশ ভোট। তিন নম্বরে থাকা রেড বুলসের আদি মেহমেতি পেয়েছেন ৫.৯৮ শতাংশ ভোট। 

চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ২৯ ম্যাচে করেছেন ৯ গোল ও ১৪ এসিস্টে গোল-অবদান ২৩টি, যা এমএলএসের এক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড়ের সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড। এ ছাড়া টানা ১০ ম্যাচে গোল করা কিংবা গোলে সহায়তা করার কৃতিত্বও দেখিয়েছেন তিনি। কিশোর খেলোয়াড়দের মধ্যে লিগটির ইতিহাসে এটিও দীর্ঘতম ধারাবাহিকতা।

ক্লাবের পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন সুলিভান। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান তিনি। পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরুর কীর্তি গড়েন।