রোনালদোর ‘৭ নম্বর’ জার্সিতে মেসির মতো উদযাপন, কে এই তরুণ?
ম্যানচেস্টার সিটির একাডেমি থেকে আয়াক্স, মাঝে উলভস হয়ে ক্লাব ব্রুগে যাত্রা—দীর্ঘ এই পথ পেরিয়ে পর্তুগাল জাতীয় দলে নিজের পরিচিতি তৈরির অপেক্ষায় আছেন কার্লোস ফর্বস। মূলত ক্রিশ্চিয়ানো রোনালদোর ঐতিহাসিক ৭ নম্বর জার্সির সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়ায় ফুটবলবিশ্বে নতুন করে আলোচনায় এসেছেন এই তরুণ উইঙ্গার।
ফুটবলবিশ্বে কিছু জার্সি কেবলই একটি নম্বর নয়; বরং ইতিহাস, আবেগ ও পরিচয়ের প্রতীক হিসেবেই গড়ে উঠে। পর্তুগালের ৭ নম্বর জার্সিও তেমনই একটি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এই জার্সিকে বিশ্ব ফুটবলে বিশেষ উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো। তার নামের সঙ্গে জড়িয়ে গেছে ‘সিআর৭’ পরিচিতি।
এদিকে ২২ বছর বয়সী এই উইঙ্গারের ফুটবলযাত্রা অবশ্য একেবারেই নতুন নয়। ম্যান সিটির যুব একাডেমি থেকে উঠে আসা ফর্বস আয়াক্স ও ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সেও খেলেছেন। বর্তমানে বেলজিয়ামের ক্লাব ব্রুগের হয়ে খেলছেন। গতি, ড্রিবলিং এবং প্রতিপক্ষের রক্ষণভাগে আক্রমণ তৈরির দক্ষতা তাকে আলাদাভাবেই পরিচিতি করিয়েছে।
২০০৪ সালের ১৯ মার্চ পর্তুগালের সিন্ত্রায় জন্ম ফর্বসের। যদিও তার পারিবারিক শিকড় পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে। কিন্তু ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বিশেষ আগ্রহ ছিল এই তরুণের। ম্যান সিটির যুব একাডেমিতে যোগ দেওয়ার মাধ্যমে সেই আগ্রহকে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।
সিটির বয়সভিত্তিক দলেই নিজের প্রতিভার পরিচয় দেন ফর্বস। বিশেষ করে আক্রমণভাগে তার গতি ও বল নিয়ন্ত্রণের দক্ষতা কোচদের বাড়তি নজর কেড়েছিল। সবমিলিয়ে তরুণ বয়সেই ইউরোপের অন্যতম পরিচিত ফুটবল একাডেমিতে নিজেকে গড়ে তোলার সুযোগ হাতছাড়া করেননি তিনি।
মাঝে ২০২৩ সালে ডাচ ক্লাব আয়াক্সে যোগ দেন। সেখানেই তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের গোড়াপত্তন ঘটে। পরবর্তী সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সেও খেলেন।
ফর্বসের পরিচয়ের আরেকটি মজার দিক হলো তার নাম। সিটির একাডেমিতে কার্লোস বর্হেস বা কার্লোস বোর্হেস নামে পরিচিত ছিলেন তিনি। তবে মায়ের পদবি গ্রহণ করে ‘ফর্বস’ নামে পরিচিত হন। ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে নামের এই পরিবর্তনও তার পরিচিতির অংশ হয়ে উঠেছে। বর্তমানে ফুটবলবিশ্বে তিনি কার্লোস ফর্বস নামেই পরিচিত।
ক্লাব ফুটবলে তার প্রধান শক্তি গতি ও ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা। দুই প্রান্তেই খেলতে পারদর্শী তিনি। প্রয়োজনে উইং দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সামর্থ্যও আছে তার।
এদিকে পর্তুগালের ফুটবল ইতিহাসে ৭ নম্বর জার্সির গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই নম্বরের সঙ্গে রোনালদোর নাম এমনভাবে জড়িয়ে গেছে যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে ৭ নম্বর মানেই অনেকটা ‘সিআর৭’।
পর্তুগালের হয়ে ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচে ১৪৬টি গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে তার অর্জনের মধ্যে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া ২০১৯ সালে উয়েফা নেশনস লিগও তার নেতৃত্বেই জিতেছে পর্তুগিজরা।
সবমিলিয়ে এই জার্সিতে ফর্বসকে ঘিরে সেই আলোচনা আরও বাড়িয়েছে। বুধবার (১৭ নভেম্বর) ওয়েলসের বিপক্ষে ৩-২ ব্যবধানে পর্তুগালের জয়ের ম্যাচে ফর্বসের গোল করার খবরও তাকে আলোচনায় এনেছে। তবে জার্সিটির স্থায়ী দায়িত্ব তার কাঁধে থাকবে কিনা, সেটিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এদিকে বদলি নেমে ম্যাচের ৭০তম মিনিটে গোল করেন। এই গোলের পর উদযাপনটা আবার ফর্বস করেছেন লিওনেল মেসির মতো! এমন খবরটিই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
গোলের পর ম্যাচ শেষে ফর্বস বলেছেন, ‘এটি একটি বিশেষ অনুভূতি। আজকের দিনটি আমি ভুলব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ম্যাচটি জিততে পেরেছি। এ কারণে আমি খুশি।’
ক্লাব ব্রুগের এই উইঙ্গার এখন পর্যন্ত পর্তুগালের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই বদলি হিসেবে মাঠে নেমেছেন। জার্সির নম্বরটিতে থাকা একটি বিশেষ রেখার মাধ্যমে সাবেক অধিনায়ক রোনালদোর প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে ৭ নম্বর জার্সি পরার কারণে বাড়তি কোনো চাপ অনুভব করেননি বলে জানিয়েছেন ফর্বস।
তার ভাষ্যমতে, ‘আমি জানি, এই নম্বরটির বিশেষ তাৎপর্য রয়েছে। তবে এটি পরার কারণে আমি বাড়তি কোনো চাপ অনুভব করিনি।’
অন্যদিকে ফর্বসকে এখনই রোনালদোর উত্তরসূরি বলা যাচ্ছে না। রোনালদো ও ফর্বসের বয়স, অভিজ্ঞতা এবং অর্জনের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। দুজনকে সরাসরি তুলনা করার চেয়ে বলা যায়, রোনালদোর রেখে যাওয়া ঐতিহ্যের পাশে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার সুযোগ পেয়েছেন ফর্বস।
আপাতত ফুটবলবিশ্বের নজর এই তরুণ উইঙ্গারের দিকে—রোনালদোর পর ৭ নম্বর জার্সিতে তিনি কতটা দূর যেতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।