১৭ নভেম্বর ২০২৬, ১৬:৩৭

অবশেষে অবসরের ঘোষণা ধোনির 

মহেন্দ্র সিং ধোনি  © সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের তারকা মহেন্দ্র সিং ধোনির আইপিএল ক্যারিয়ারের ইতি ঘটেছে। কয়েক মৌসুম ধরে তার খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা ও নানা আলোচনা থাকলেও এবার অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক এই অধিনায়ক। তবে খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকছেন তিনি। নতুন করে ফ্র্যাঞ্চাইজিটির টিম মেন্টরের দায়িত্ব পেয়েছেন ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইপিএলের পরবর্তী আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) তালিকা প্রকাশের শেষ দিন। এর কয়েক ঘণ্টা আগেই পেশাদার ক্রিকেটার হিসেবে আইপিএল অধ্যায়ের ইতি টানেন ধোনি। একই সঙ্গে চেন্নাইয়ের সঙ্গে নতুন ভূমিকায় পথচলা শুরু করতে যাচ্ছেন তিনি।

এক বিবৃতিতে ধোনির নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। বিবৃতিতে বলা হয়েছে, ‘চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর হিসাবে দায়িত্ব নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তার সঙ্গে পাওয়া অসংখ্য জয়, চ্যালেঞ্জ এবং স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। যাত্রাপথের শুরু থেকেই হৃদয়ে ছিলেন তিনি। আমাদের গৌরবের পথে নিয়ে যাওয়া থেকে শুরু করে সুপার কিংসের পরবর্তী প্রজন্মকে পথ দেখানো ‘থালা’ সর্বদা আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। আর চেন্নাইও চিরকালই তার ঘর হয়ে থাকবে।’

ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। তিনি বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় এবং এর মাঝের সব কিছুর মধ্যে দিয়ে আমরা পরস্পরের হাত ধরে হেঁটেছি ও বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার নেপথ্যে একটাই কারণ রয়েছে– আমরা একে অপরকে নিয়ে কখনও প্রশ্ন তুলি না। সেই আস্থাই এই যাত্রাকে সম্ভব করেছে।’

২০০৮ সালে ধোনিকে চেন্নাই দলে নেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে শ্রীনিবাসন বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম যে, ধোনিকে সিএসকের অংশ হতেই হবে। পরে প্রমাণিত হয়েছে যে, এটাই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। চেন্নাইয়ের হয়ে ধোনি যেসব সাফল্য পেয়েছে সে কারণে নয়, বরং ও মানুষ হিসেবে যেরকম সেজন্য। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটা সবসময় ওর ঘর হয়ে থাকবে।’