১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫

পর্তুগাল দলে অন্তকোন্দল, কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে ক্যাম্প ছাড়লেন বের্নার্দো সিলভা

বের্নার্দো সিলভা ও জেসুস   © টিডিসি ছবি

ক্রিস্তিয়ানো রোনালদোর বিদায়ের পর পর্তুগাল জাতীয় ফুটবল দলের নেতৃত্ব পেয়েছেন বের্নার্দো সিলভা। তবে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই নতুন সংকটে পড়েছেন এই মিডফিল্ডার। ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হারের পর কোচ জর্জ জেসুসের সঙ্গে নিজের খেলার সময় ও জাতীয় দলে ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এরপর পর্তুগালের জাতীয় দলের ক্যাম্পও ছেড়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। যদিও তার ক্যাম্প ছাড়ার কারণ হিসেবে শারীরিক সমস্যার কথা জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

শনিবার (ব্রাগায়) উয়েফা নেশনস লিগের ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। রোনালদো-পরবর্তী যুগে এটিই ছিল দলটির প্রথম ম্যাচ। তবে ম্যাচটিতে নতুন অধিনায়ক বের্নার্দো সিলভাকে শুরুর একাদশে রাখেননি কোচ জর্জ জেসুস। শেষ দিকে বদলি হিসেবে মাত্র ১১ মিনিট খেলার সুযোগ পান তিনি। অল্প সময় মাঠে থেকেও দলের একমাত্র গোলটি করেন এই মিডফিল্ডার। তবে পর্যাপ্ত সময় খেলতে না পারার বিষয়টি ভালোভাবে নেননি তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত ও পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ড-এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, ডেনমার্কের বিপক্ষে ম্যাচ শেষে ব্রাগায় কোচ জর্জ জেসুসের সঙ্গে কথা বলেন বের্নার্দো। এ সময় জাতীয় দলে নিজের ভূমিকা এবং পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়া নিয়ে অসন্তোষ জানান তিনি। তবে দুজনের মধ্যে আলোচনা শেষ পর্যন্ত পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে বলে জানিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম।

এরপরই জাতীয় দলের ক্যাম্প ছাড়েন বের্নার্দো। তবে তার চলে যাওয়ার সঙ্গে কোচের সঙ্গে অসন্তোষের কোনো সম্পর্ক নেই বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, শারীরিক সমস্যার কারণে চিকিৎসকদের পরীক্ষার পর বের্নার্দোকে পরবর্তী ম্যাচের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার কার্ডিফে ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

জাতীয় দলে পর্যাপ্ত সময় খেলতে না পারার হতাশা অবশ্য নতুন নয় বের্নার্দোর। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগেও নিজের খেলার সময় নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে ৩২ বছর বয়সী এই ফুটবলার বলেছিলেন, ‘সব খেলোয়াড়ই চায় দলের কাজে লাগতে, মাঠে খেলতে। আমিও এর ব্যতিক্রম নই। অবশ্যই আমি চাই পরিস্থিতিটা অন্য রকম হোক। আরও বেশি সময় খেলার সুযোগ পেতে চাই। তবে কোচের কাজটাও কঠিন। তার হাতে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু একসঙ্গে মাঠে নামাতে পারেন মাত্র ১১ জনকে।’

রোনালদো জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর বের্নার্দোর হাতে অধিনায়কত্ব তুলে দেন জর্জ জেসুস। জাতীয় দলের হয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় তাকে এই দায়িত্ব দিয়েছিলেন পর্তুগিজ কোচ। কিন্তু অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই শুরুর একাদশে জায়গা পাননি বের্নার্দো। পুরো ম্যাচের বেশির ভাগ সময় বেঞ্চে বসে থাকতে হয় তাকে। শেষ দিকে মাঠে নেমে গোল করলেও দলকে বড় পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি।

এদিকে ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হারের পর এমনিতেই সমালোচনার মুখে রয়েছেন জর্জ জেসুস। ম্যাচের শেষ দিকে গ্যালারিতে থাকা পর্তুগিজ সমর্থকেরা রোনালদোর নাম ধরে স্লোগান দেন। এতে জাতীয় দল থেকে রোনালদোর বিদায়ের পর তার অভাব নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোনালদোকে মিস করছেন কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন জেসুস। জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘রোনালদোকে মিস করব কেন? আমাকে সঙ্গ দেওয়ার জন্য?’

জেসুসের এই মন্তব্য নিয়েও আলোচনা তৈরি হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন অধিনায়ক বের্নার্দোর খেলার সময় নিয়ে অসন্তোষ এবং ক্যাম্প ছাড়ার ঘটনা পর্তুগাল শিবিরে নতুন অস্বস্তি তৈরি করেছে। যদিও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোচ ও অধিনায়কের মধ্যে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এদিকে ওয়েলসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আরও দুই খেলোয়াড়কে পাচ্ছে না পর্তুগাল। হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রুবেন দিয়াস ও জোয়াও পালিনিয়া। ফলে বের্নার্দোর অনুপস্থিতির পাশাপাশি এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অভাবও অনুভব করতে হবে দলটিকে।

নেশনস লিগের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করতে মঙ্গলবার ওয়েলসের বিপক্ষে অন্তত এক পয়েন্ট প্রয়োজন পর্তুগালের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের অধিনায়কসহ তিন ফুটবলারের অনুপস্থিতি কোচ জর্জ জেসুসের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।