১৪ নভেম্বর ২০২৬, ২২:১৯

গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ  © সংগৃহীত

ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে বড় বিপদে পড়েছে বাংলাদেশ। আব্দুল সামাদের দুর্দান্ত শটে এগিয়ে গেছে পাকিস্তান। ১-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচের শেষ পাঁচ মিনিটের লড়াইয়ে নামতে হচ্ছে স্বাগতিকদের।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে গোলটি করে পাকিস্তান। সামাদের নেওয়া শট ঠেকাতে পারেননি বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবন। বল জালে জড়াতেই স্তব্ধ হয়ে যায় পুরো জাতীয় স্টেডিয়াম।

এর আগে, বক্সের ঠিক বাইরে ফাউল করে পাকিস্তানকে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিকের সুযোগ করে দেন হামজা চৌধুরী। সেই ফ্রি-কিক থেকে নেওয়া শট লক্ষ্যেই ছিল। তবে বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে দুর্দান্ত সেভ করেন শ্রাবন।

এরপর হামজাও একটি ভালো ক্লিয়ারেন্স করেন। তবে পাকিস্তানের আক্রমণের চাপ সামলাতে পারেনি বাংলাদেশের রক্ষণভাগ। শেষ পর্যন্ত সামাদের শটে ভেঙে যায় বাংলাদেশের প্রতিরোধ।

প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। এমনকি দুই দলের একটি করে শট পোস্টে লেগে ফিরে আসে। তবে বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি।

এখন ম্যাচের বাকি সময়টুকুতে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। শেষ মুহূর্তে সমতায় ফিরতে না পারলে ঘরের মাঠে হতাশার হার নিয়েই মাঠ ছাড়তে হতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের।