একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
গোলের জন্য আক্ষেপে পুড়েছে দুই দলই। আক্রমণ-পাল্টা আক্রমণ, গোলের কাছাকাছি পৌঁছানো, পোস্টে বল লাগা—সবই হয়েছে। কিন্তু প্রথমার্ধের ৪৫ মিনিটের লড়াই শেষেও জালের দেখা পায়নি বাংলাদেশ কিংবা পাকিস্তান। প্রথমার্ধে দুই দলের একটি করে শট লেগেছে পোস্টে। এতে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের দাপটে। প্রথম দুই মিনিটেই বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে তারা। সমিত সোমের একটি মিস পাস থেকে তৈরি হওয়া আক্রমণে লক্ষ্যে শটও নেয় পাকিস্তান। তবে দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে দুই হাতে বল ঠেকিয়ে দেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবন। পরের মিনিটেও আক্রমণে ওঠে পাকিস্তান, যদিও এবার আর গোলকিপারকে পরীক্ষায় ফেলতে পারেনি তারা।
অন্যদিকে শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশও। সময় গড়ানোর সঙ্গে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করে দলটি। ম্যাচের সপ্তম মিনিটে কাজেম শাহর নেওয়া শট অবশ্য পাকিস্তানের গোলকিপারকে খুব একটা বেগ পেতে দেয়নি। দুর্বল সেই প্রচেষ্টা সহজেই ঠেকিয়ে দেন তিনি।
প্রথম ১০ মিনিটের পর ম্যাচে দুই দলই কিছুটা সমতা নিয়ে লড়াই করতে থাকে। তবে শুরুতে আক্রমণের যে ধার ছিল, সময়ের সঙ্গে তা কিছুটা কমে আসে। বাংলাদেশ কয়েকবার বল নিয়ে এগোলেও পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমে যায় আক্রমণ। প্রতিপক্ষের ডিফেন্ডারদের শারীরিক সক্ষমতার সঙ্গে পেরে উঠতে কিছুটা বেগ পেতে হয় স্বাগতিক ফরোয়ার্ডদের।
ম্যাচের ৩০ মিনিটে কুলিং ব্রেক দেন রেফারি। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পাকিস্তান। বাংলাদেশের রক্ষণে তৈরি হতে থাকে চাপ। একপর্যায়ে তারিক কাজীর মার্কিংয়ে ঘাটতির সুযোগ নিয়ে ফাঁকায় বল পেয়ে যান আব্দুস সামাদ। দারুণ একটি শটও নেন তিনি। তবে বাংলাদেশের স্বস্তি, সামাদের সেই প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ।
পাকিস্তানের পোস্টে বল লাগার আগে গোলের সবচেয়ে বড় সুযোগটি এসেছিল বাংলাদেশের সামনে। সমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত এক শট নেন রাকিব। তার জোরালো প্রচেষ্টা প্রথমে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার। তবে ফিরতি বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। গোলকিপারের হাত ফসকে বেরিয়ে যাওয়া বল গিয়ে লাগে পোস্টে। এমন সুবর্ণ সুযোগ পেয়েও গোলের দেখা মেলেনি বাংলাদেশের।
শেষ পর্যন্ত দুই দলের আক্রমণেই গোলের আক্ষেপ থেকে যায়। কয়েকবার সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যেতে পারেনি কেউ। দুই দলের একটি করে শট পোস্টে লাগলেও জালে বল পাঠানো সম্ভব হয়নি। তাই প্রথমার্ধ শেষে স্কোরলাইন ০-০।