১৪ নভেম্বর ২০২৬, ১৯:০৪

বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের

ভারত দল   © সংগৃহীত

সেমিফাইনালে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শনিবার জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেছে দলটি। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে বাংলাদেশ নাকি পাকিস্তান, তা দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারণ হবে।

এদিকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ বা পাকিস্তান, কোনো দলকেই বেছে নিতে চাননি ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। দুই দলকেই সমান গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। তবে স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠলে নিজেদের খেলার ধরন ও কৌশলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কোচ।

ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ প্রসঙ্গে ভারত কোচ নওশাদ মুসা বলেন, ‘আমি যে কোনো দলের বিপক্ষেই খেলতে প্রস্তুত। এভাবে তো বেছে নেওয়ার সুযোগ নেই যে আমি পাকিস্তানকে চাই। যে দলই আসুক, আমাদের প্রস্তুত থাকতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘এখন নিশ্চিতভাবেই বাংলাদেশকে ফেভারিট মনে হচ্ছে। তবে পরিস্থিতি বদলাতেও পারে। আমার খেলোয়াড়েরা হয়তো পরের ম্যাচে আরও ভালো খেলবে।’

এদিকে প্লেয়ার হিসেবে ১৯৯৭ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন ভারতীয় কোচ। সেবার তার সামনে নতুন রেকর্ডের সুযোগ। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে এবারও শিরোপা জিততে চান তিনি।

এ নিয়ে নওশাদ মুসা বলেন, ‘হ্যাঁ, ঠিক তাই। ১৯৯৭ সালে নেপালে আমরা মালদ্বীপের বিপক্ষে ফাইনাল খেলেছিলাম। স্মৃতিটা আমার কাছে খুবই ভালো। খেলোয়াড় হিসেবে যেমন ফাইনালে ওঠা আনন্দের, কোচ হিসেবেও তেমনই। এবার আশা করি, শিরোপাটাও জিততে পারব। প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি, সেই ধারাটা ধরে রাখতে পারলে দল আরও ভালো হয়ে উঠবে।’