১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫

রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে

মোবাইলে খেলা দেখবেন যেভাবে   © টিডিসি সম্পাদিত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার (১৪ নভেম্বর) রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।  জাতীয় স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের সেমিফাইনাল।

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থেকে পাঁচ গোল করার পাশাপাশি নিজেদের জাল অক্ষত রেখেছে স্বাগতিকেরা। অন্যদিকে ভারতকে হারাতে না পারলেও মালদ্বীপের বিপক্ষে বড় জয় নিয়ে শেষ চারে উঠেছে পাকিস্তান। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও টি স্পোর্টস। টেলিভিশনের বাইরে থাকা দর্শকেরা মোবাইল ফোনে বঙ্গ ও টফি অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারবেন।

গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করে দলটি। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করে স্বাগতিকেরা। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে পাঁচ গোল করলেও বাংলাদেশকে কোনো গোল হজম করতে হয়নি।

অন্যদিকে পাকিস্তানের পথচলা বাংলাদেশের মতো নির্বিঘ্ন ছিল না। প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় তারা। এই জয়ের সুবাদে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ফিফার বর্তমান তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮২তম। অন্যদিকে পাকিস্তান রয়েছে ১৯৭তম স্থানে। দুই দলের মধ্যে ব্যবধান ১৫ ধাপ।

তবে শুধু র‍্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক ফলাফল দিয়ে সেমিফাইনালের ফল নির্ধারণ করা সম্ভব নয়। নিজেদের মাঠে দর্শকদের সমর্থন বাংলাদেশের জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে। বিশেষ করে গ্রুপ পর্বে রক্ষণভাগের যে দৃঢ়তা দেখা গেছে, সেটি ধরে রাখা হবে দলের অন্যতম চ্যালেঞ্জ।

মাঝমাঠ ও আক্রমণভাগে সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের পারফরম্যান্স ম্যাচের গতিপথে প্রভাব ফেলতে পারে। তাদের সমন্বিত পারফরম্যান্সের ওপরও নির্ভর করবে বাংলাদেশের আক্রমণের কার্যকারিতা।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ১৭ বারের দেখায় বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের জয় ৫টি। বাকি ৫ ম্যাচ ড্র হয়েছে।

তবে সাম্প্রতিক পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে দুই দলের ব্যবধান খুব বেশি নয়। এই সময়ে বাংলাদেশ ও পাকিস্তান একটি করে ম্যাচ জিতেছে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে।

২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ দেখা হয়েছিল দুই দলের। ওই ম্যাচে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০১৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। একই বছর অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়। ২০১১ ও ২০০৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও দুই দলের লড়াই নিষ্পত্তিহীন ছিল। ওই দুই ম্যাচের স্কোরলাইন ছিল ০-০।