সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যানজট এড়ানো ও নিরাপত্তা তল্লাশিসহ স্টেডিয়ামে প্রবেশের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। একই দিন রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিএমপি জানিয়েছে, ম্যাচ উপলক্ষে আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। এ কারণে যানজট এড়াতে এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশের আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে খেলা শুরুর বেশ আগেই দর্শকদের স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।