গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্নের দল
পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি নেইমার জুনিয়র। বাঁ-পায়ের শটে ব্যর্থ হয়ে ফিরতে হলেও তাতে খুব একটা মন খারাপ হয়নি ব্রাজিলিয়ান এই সুপারস্টারের। কারণ, তার চোখ এখন ২০৩০ সালে। সেদিন শুধু মাঠে নামাই নয়, সান্তোসের বর্তমান সতীর্থদের নিয়ে ৭ জনের একটি দল গড়ার স্বপ্নও দেখছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) কিংস কাপ ব্রাজিলের ম্যাচে ডিব্রাদোসের বিপক্ষে ফুরিয়ার ৭-৩ গোলের জয়ের রাতে নিজের সেই পরিকল্পনার কথাই জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গুয়েদেসের সঙ্গে ফুরিয়ার সহ-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন নেইমার। সোমবার গুয়ারুলহোসের ত্রাইডেন্ট অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি নিতে গ্যালারি থেকে মাঠে নামেন তিনি। তবে নিজের স্বাভাবিক ডান পায়ের পরিবর্তে বাঁ পায়ে শট নেওয়ার সিদ্ধান্ত নেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই তারকা। তার নেওয়া শটটি সহজেই আটকে দেন প্রতিপক্ষের গোলরক্ষক লুয়ান তেলেস।
পেনাল্টি মিস করলেও শেষ পর্যন্ত জয় পেতে কোনো সমস্যা হয়নি ফুরিয়ার। ৭-৩ গোলের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয় তারা। পরে হতাশা ঝেড়ে ক্লাবের সম্প্রচার বুথে ফিরে বেশ ফুরফুরে মেজাজেই ম্যাচের বাকি অংশ উপভোগ করেন নেইমার।
সরাসরি সম্প্রচারে দর্শকদের সঙ্গে কথা বলার সময় কিংস লিগে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। মজার ছলে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে নেইমার বলেন, ‘একদিন কিংস লিগে খেলতে পারলে আমার খুব ভালো লাগবে। ফুরিয়ায় কি আমার জন্য জায়গা আছে? আমি তো এই দলের প্রেসিডেন্ট, তাই ২০৩০ সালে খেলব।’
শুধু খেলার ইচ্ছা প্রকাশ করেই থেমে থাকেননি নেইমার। নিজের স্বপ্নের ৭ জনের দল কেমন হবে, সেটিও জানিয়েছেন তিনি। সান্তোসের বর্তমান সতীর্থদের নিয়েই সাজাতে চান সেই দল।
নেইমারের ভাষায়, ‘কিংস লিগে আমার সান্তোসের সতীর্থদের খেলতে দেখলে সমর্থকেরা কি খুশি হবেন? আমাদের দলে থাকব আমি, কৌতিনিয়ো (ফিলিপে কৌতিনিয়ো), গাবি, আর্তুর, সেবোলিনিয়া, আমাদের দুর্দান্ত রোদিনেই এবং গোলরক্ষক হিসেবে ব্রাজাও।’
বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে প্রতিষ্ঠিত কিংস লিগ মূলত সাতজনের ফুটবল প্রতিযোগিতা। সময়ের সঙ্গে দক্ষিণ আমেরিকার বাজারেও বিস্তৃতি ঘটেছে এই টুর্নামেন্টের। প্রতিযোগিতাটির অন্যতম আকর্ষণ হলো, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও ইন্টারনেট ব্যক্তিত্বরা। দ্রুতগতির খেলা ও বিনোদননির্ভর আয়োজনের কারণে তরুণ দর্শকদের মধ্যেও প্রতিযোগিতাটি বেশ পরিচিতি পেয়েছে। সোমবারের ম্যাচটি ছিল চলমান কিংস কাপ ব্রাজিলের অংশ, যেখানে ফুরিয়ার প্রধান আকর্ষণ নেইমার।
এদিকে সাতজনের ফুটবলে খেলার পরিকল্পনার পাশাপাশি ১১ জনের মূলধারার ফুটবলে নেইমারের ভবিষ্যৎ নিয়েও রয়েছে আলোচনা। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে ক্লাবটিতে তার অবস্থান আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্প্রতি নেইমারের বাবা নেইমার সিনিয়র সান্তোসের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, ২০২৭ মৌসুম পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের।
নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলিয়ান সিরি আ-তে সান্তোসের সর্বশেষ দুটি ম্যাচে খেলতে পারেননি নেইমার। তবে নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী ১৮ নভেম্বর লিগের ৩৫তম রাউন্ডে করিতিবার মাঠে খেলতে যাওয়ার কথা রয়েছে সান্তোসের।