০৯ নভেম্বর ২০২৬, ২১:৪৩

আর্জেন্টিনাকে ছেড়ে হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

স্টিফেন কিকি রামোস  © সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির জার্সিতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ক্লাব ভেলেজ সার্সফিল্ডের প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার স্টিফেন কিকি রামোস। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বয়সভিত্তিক এই বিশ্ব আসরে হাইতির প্রতিনিধিত্ব করবেন ১৬ বছর বয়সী এই উইঙ্গার।

২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সে জন্মগ্রহণ করেন রামোস। ২০১০ সালে হাইতিতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের পর তাকে দত্তক নেয় একটি আর্জেন্টাইন পরিবার। এরপর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বেড়ে ওঠেন তিনি। সেখানেই ভেলেজ সার্সফিল্ডের হয়ে ফুটবলে নিজের পথচলা শুরু করেন এই তরুণ প্রতিভা।

এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন রামোস। তবে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি হাইতির জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হাইতিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএইচ)।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘স্টিফেন অস্কার রামোস, কিকি নামেই পরিচিত তিনি, ২০০৯ সালের ৩ এপ্রিল পোর্ট-ও-প্রিন্সে জন্মগ্রহণ করেন। ভেলেজ সার্সফিল্ডের এই তরুণ ফুটবলার হাইতিকে বেছে নিয়েছেন এবং ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এফএফএইচ তাকে গ্রেনাডিয়ার পরিবারে স্বাগত জানাচ্ছে। তার এজেন্ট ও ভেলেজ সার্সফিল্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ। কিকি, নিজের ঘরে তোমাকে স্বাগতম।’

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে জায়গা পেয়েছে হাইতি। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে।

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেললেও হাইতির প্রতিনিধিত্ব করতে রামোসের সামনে কোনো আইনি জটিলতা নেই। আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচে অংশ নিলেই স্থায়ীভাবে সেই দেশের প্রতিনিধিত্বের জন্য আবদ্ধ হয়ে যান না। ফলে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও হাইতির হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে তার কোনো বাধা নেই।