সাফ থেকে বিদায় ভারতের ৬ ফুটবলারের, নেপথ্যে কী
সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে দারুণ এক জয় পায় ভারত। তবে সেই জয়ের আনন্দের মধ্যেই বড় ধাক্কা খেয়েছে দলটি। টুর্নামেন্টের মাঝপথেই দল ছেড়ে গেছেন ৬ ফুটবলার। তাদের মধ্যে তিনজন জাতীয় দলে ডাক পেয়েছেন। ক্লাবের হয়ে খেলতে ফিরে গেছেন বাকি তিনজন। যদিও ঢাকায় চলমান এই আসরে মূলত অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছে ভারত।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতের সিনিয়র জাতীয় দলের কোচ খালিদ জামিল। সাফের স্কোয়াডে থাকা লিস্টন কোলাচো, মুহাম্মদ সোহাইল ও বিজয় ভারগিজ সেই দলে জায়গা পেয়েছেন। ফলে চলতি সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না এই তিন ফুটবলারের।
অন্যদিকে, ফরোয়ার্ড ফারুক চৌধুরী, নওফেল পিএন ও হমিংথানমাউইয়া রাল্টে (ভালপুইয়া) ফিরে গেছেন ভারতে। তাদের ক্লাবের সঙ্গে আগে থেকেই সমঝোতা ছিল, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেই দল ছাড়বেন তারা।
সাফে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন নওশাদ মুসা। ৬ ফুটবলারের দল ছাড়ার বিষয়ে জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের ৬ জন খেলোয়াড় সাফের ক্যাম্প ছেড়েছেন।’
তবে এ বিষয়ে এর বেশি কিছু বলতে চাননি তিনি। এমনকি বর্তমানে ভারতীয় দলে কতজন খেলোয়াড় রয়েছেন, সেটিও জানাননি।
আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। সেমিফাইনালে উঠতে হলে গ্রুপের শীর্ষ দুই দলের একটি হতে হবে তাদের। ৬ ফুটবলারের অনুপস্থিতি সামলে শেষ ম্যাচে প্রত্যাশিত ফল পাওয়াই এখন ভারতের লক্ষ্য।
তবে টুর্নামেন্ট চলার সময় জাতীয় দলের ডাক কিংবা ক্লাবের প্রয়োজনে খেলোয়াড়দের দল ছেড়ে যাওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতি সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতামূলক ভারসাম্যে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়েও উঠছে প্রশ্ন।