০৭ নভেম্বর ২০২৬, ২১:০০

বাংলাদেশ শিবিরে সুখবর, আসছেন হামজা-ফারহান

হামজা দেওয়ান চৌধুরী  © সংগৃহীত

জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কিন্তু ভুটানকে হারিয়ে শুভসূচনা করলেও দুই গুরুত্বপূর্ণ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলি ওয়াহিদকে পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে অপেক্ষার অবসান হচ্ছে এবার। আগামী সোমবার (৯ নভেম্বর) দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই দুই প্রবাসী ফুটবলার। 

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। তবে ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি জামাল ভূঁইয়ার দল।

ফিফা উইন্ডোর বাইরে ম্যাচ হওয়ায় ভুটানের বিপক্ষে হামজা ও ফারহানকে পাননি বাংলাদেশের কোচ। তবে সোমবার দুজনই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

তার ভাষ্যমতে, ‘দুজনই সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। আশা করছি, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাদের পাওয়া যাবে।’

২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে অভিষেকের পর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন হামজা। গোল করেছেন ৪টি। অন্যদিকে জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলে একটি গোলও পেয়েছেন ১৯ বছর বয়সী ফারহান।