রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড়ল আলোচনা
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণার পর আবেগঘন বার্তা দিয়েছেন তার বোন কাতিয়া আভেইরো। ভাইয়ের দীর্ঘ ক্যারিয়ার ও সাফল্যে গর্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। তবে সেই বার্তার কয়েকটি রহস্যময় মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।
ইনস্টাগ্রামের স্টোরিতে রোনালদোকে উদ্দেশ করে কাতিয়া লেখেন, ‘আমি অনেক কিছুই বলতে পারতাম। তবে সময়ই নিশ্চয় সবকিছু প্রকাশ করবে। আর ততক্ষণ পর্যন্ত তোমাকে শুধু এটুকুই বলব—তুমি অসাধারণ, বিশাল এক ব্যক্তিত্ব এবং একজন কিংবদন্তি।’
আল-নাসর তারকার বোন আরও লেখেন, ‘আজ পর্তুগাল জাতীয় দলের সঙ্গে তোমাকে বিদায় জানাচ্ছে পুরো বিশ্ব। কিন্তু তোমার বোন হিসেবে আমি যখন পেছনে ফিরে তাকাই, তখন গর্বে আমার বুক ভরে যায়। আমি জানি, তুমি কত কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে গেছ, দেশের জন্য কত কিছু দিয়েছ এবং দীর্ঘ ক্যারিয়ারে কত কিছু গড়ে তুলেছ।’
রোনালদোর সাফল্যের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তুমি নিজের ভাগ্যের গতিপথ বদলে দিয়েছ, আর সঙ্গে করে পর্তুগালকেও এগিয়ে নিয়ে গেছ। হ্যাঁ, দিনটি দুঃখের। তবে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটে বলেই নতুন অধ্যায়ের সূচনা হয়। সময়ই সবকিছুর বিচারক। আর যদি এখনো কোনো প্রশ্নের উত্তর পাওয়া বাকি থাকে, তাহলে হয়তো আগামীকাল সবকিছু আরও পরিষ্কার হয়ে যাবে।’
বার্তার শেষাংশে ভাইয়ের প্রতি ভালোবাসা ও আবেগ প্রকাশ করেন কাতিয়া। তিনি লেখেন, ‘তোমার সম্মান ও তুমি যে পথ পাড়ি দিয়েছ, তা যেকোনো বিদায়ের চেয়েও অনেক বড়। ছবিটির মান হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু আমার কাছে এর গুরুত্ব অপরিসীম। কারণ, এতে আমাদের ইতিহাসের একটি অংশ রয়েছে। ছবিটি আমাকে সবসময় মনে করিয়ে দেয়, পুরো বিশ্ব যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভালোবাসে ও শ্রদ্ধা করে, তার আগে তুমি আমার ভাই ছিলে এবং সবসময় আমার ছোট্ট সন্তান হয়েই থাকবে। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে নিয়ে আমার গর্বের কোনো সীমা নেই।’
তবে কাতিয়ার বার্তার একটি বিশেষ অংশই বেশি নজর কেড়েছে। বিশেষ করে ‘সময়ই সবকিছু প্রকাশ করবে’ এবং ‘কোনো প্রশ্নের উত্তর বাকি থাকলে হয়তো আগামীকাল সবকিছু পরিষ্কার হবে’—এমন মন্তব্যে রোনালদোর অবসরের নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এর আগে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর সম্পর্কের টানাপোড়েনের খবরও সামনে এসেছিল। কোচকে কিছু না জানিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।
তবে কাতিয়া তার মন্তব্যের মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। কোনো নির্দিষ্ট ঘটনার কথাও স্পষ্ট করেননি তিনি। ফলে তার রহস্যময় বার্তার আড়ালে কী ইঙ্গিত রয়েছে, তা এখনো অজানাই রয়ে গেছে।