সাফের আগে চোটের ধাক্কা, অনিশ্চিত একাধিক ফুটবলার
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে বাকি আর মাত্র চারদিন। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ শিবির। এর মধ্যেই চোটের কারণে বড় ধাক্কা খেলেন কোচ টমাস ডুলি। হ্যামস্ট্রিংয়ের চোটে আসন্ন টুর্নামেন্টে খেলা হচ্ছে না যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভানের।
সুলিভানকে নিয়েই ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন ডুলি। সেখান থেকে ২৩ সদস্যের চূড়ান্ত দল গঠনের পরিকল্পনা ছিল তার। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফ হকসের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ফরোয়ার্ড। সুস্থ হতে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে তার। ফলে সাফে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন সুলিভান। তাকে ঘিরে আক্রমণভাগ সাজানোর পরিকল্পনা থাকলেও এখন বিকল্প খুঁজতে হবে কোচকে।
এদিকে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। জ্বর কাটিয়ে ফিরলেও পুরোপুরি ছন্দে ফেরার অপেক্ষায় শেখ মোরসালিন।
আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। ২০০৩ সালে এই মাঠেই প্রথমবার সাফ শিরোপা জিতেছিল লাল-সবুজের দল। এবার সেই ট্রফি পুনরুদ্ধারের স্বপ্ন স্বাগতিকদের। প্রথম ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীকে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় ম্যাচ থেকে তাকে পাওয়ার আশা রয়েছে। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।