ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি, রাফিনিয়াকে নিয়ে শঙ্কা
আগের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন রাফিনিয়া। সেই চোটের কারণে বার্সেলোনার দুটি ম্যাচেও খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চোট কাটিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি ছন্দে ফেরার আগেই আবার জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। এতে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির আশঙ্কা, শুধু দুটি প্রীতি ম্যাচ খেলতে দীর্ঘ সফরে গেলে আবারও চোটের ঝুঁকিতে পড়তে পারেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফুটবলার।
আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে সিঙ্গাপুরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। এই দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার স্পেনের স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে দল ঘোষণা করার কথা রয়েছে ইতালিয়ান এই কোচের।
দল ঘোষণার আগে বার্সেলোনার মূল উদ্বেগ রাফিনিয়াকে ঘিরে। কারণ, আগের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়েই চোটে পড়েছিলেন তিনি।
গত সেপ্টেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়া। তবে বিরতির পর আর মাঠে নামেননি তিনি। পরে পরীক্ষা করে তার ডান ঊরুর পেছনের মাংসপেশিতে সামান্য ফোলা ভাব ধরা পড়ে।
পরদিনই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাফিনিয়াকে জাতীয় দল থেকে ছেড়ে দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে ভারতের বিপক্ষে পরের প্রীতি ম্যাচে আর খেলা হয়নি বার্সেলোনার এই ফরোয়ার্ডের।
চোট গুরুতর না হলেও বার্সেলোনায় ফিরে দুটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় রাফিনিয়াকে। গেতাফে ও গালাতাসারাইয়ের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হয় হান্সি ফ্লিকের দলকে।
এরপর রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের শেষ ২০ মিনিটে মাঠে ফেরেন রাফিনিয়া। পরের দুই ম্যাচে পিএসজি ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুর একাদশেও জায়গা পান তিনি। তবে মাত্র তিন ম্যাচ আগে চোট কাটিয়ে ফেরা এই ফুটবলারকে নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না বার্সেলোনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবর অনুযায়ী, ক্যাম্প ন্যুতে মনে করা হচ্ছে, পুরোপুরি ছন্দে ফেরার আগেই রাফিনিয়াকে আবার এত দীর্ঘ সফরে পাঠানো ঠিক হবে না। বিশেষ করে ম্যাচ দুটি যখন কেবল প্রীতি ম্যাচ।
বার্সেলোনার উদ্বেগের পেছনে শুধু সাম্প্রতিক চোটই নয়, রয়েছে গত মৌসুমের অভিজ্ঞতাও। গত মৌসুমে চার দফায় চোটের কারণে বাধাগ্রস্ত হয়েছিল ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পথচলা। এর মধ্যে গত মার্চের শেষ দিকে ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সে সময় চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ সময় পার করছিল বার্সেলোনা।
একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চায় কাতালান ক্লাবটি। তাই রাফিনিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জাতীয় দলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে—এমনটাই আশা করছে বার্সেলোনা।
অন্যদিকে ব্রাজিল কোচ আনচেলত্তির পরিকল্পনা ভিন্ন। জাতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর পাশাপাশি নতুন ফুটবলারদের পরখ করে দেখতে আসন্ন প্রীতি ম্যাচ দুটিকে কাজে লাগাতে চান তিনি। তবে তার পরিকল্পনায় রাফিনিয়ার মতো অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ ফুটবলারের জায়গা কতটা থাকবে, সেটিই এখন দেখার বিষয়।
বার্সেলোনার আশা, দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডের সাম্প্রতিক চোট ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেবেন আনচেলত্তি। কারণ, চোট কাটিয়ে সবে মাঠে ফেরা রাফিনিয়াকে নিয়ে নতুন করে কোনো ঝুঁকি নিতে চায় না কাতালান ক্লাবটি।