চীনে স্কুল টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম, দলের কথা জানে না বাফুফে
চীনের সুঝৌতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের নামে অংশ নেওয়া একটি দল পাঁচ ম্যাচে প্রতিপক্ষের কাছে ১৪৬ গোল হজম করেছে। পুরো প্রতিযোগিতায় একটিও গোল করতে পারেনি দলটি। তবে দলটির অংশগ্রহণ সম্পর্কে কিছুই জানে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশন জানিয়েছে, তারা এই টুর্নামেন্টে কোনো দল পাঠায়নি।
আন্তর্জাতিক স্কুল স্পোর্ট ফেডারেশনের (আইএসএফ) আয়োজনে ১৭ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৮ অক্টোবর। ২৬ অক্টোবর পর্যন্ত চলা এই আসরে ৩১টি দেশ ও অঞ্চলের ৫১টি দল অংশ নেয়। অংশগ্রহণকারীদের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও দলটির নিবন্ধন ও অংশগ্রহণের বিষয়ে বাফুফের কাছে কোনো তথ্য নেই।
বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব সংবাদমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে সাধারণত সংশ্লিষ্ট সংস্থা ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা নেয়। কিন্তু এবার তেমন কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
বাফুফের মিডিয়া বিভাগের ধারণা, চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে দলটি গঠন করা হয়ে থাকতে পারে। পরে তারা বাংলাদেশের নামে প্রতিযোগিতায় নিবন্ধন করেছে।
টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে চেক প্রজাতন্ত্র, জার্মানি ও মরক্কোর মুখোমুখি হয় বাংলাদেশের নামে অংশ নেওয়া দলটি। গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের কাছে ২৭-০, জার্মানির কাছে ৩৫-০ এবং মরক্কোর কাছে ৩৩-০ গোলে হারে তারা। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৯৫ গোল দেওয়ার বিপরীতে নিজেদের জালে বল প্রবেশ করতে দেখে দলটি।
এরপর শেষ ৩২-এর লড়াইয়ে আলজেরিয়ার কাছে ৪০-০ গোলে পরাজিত হয় তারা। টুর্নামেন্টে এটিই ছিল দলটির সবচেয়ে বড় ব্যবধানে হার। পরে ২৫ থেকে ৩২তম স্থান নির্ধারণী প্লে-অফে হাইতির বিপক্ষে ১১-০ গোলে হারে বাংলাদেশের নামে নিবন্ধিত দলটি।
পাঁচ ম্যাচে মোট ১৪৬ গোল হজমের ফলে প্রতি ম্যাচে গড়ে ২৯ দশমিক ২ গোল খেয়েছে দলটি। কোনো ম্যাচেই প্রতিপক্ষের জালে গোল করতে পারেনি তারা।
আইএসএফের অফিশিয়াল বুলেটিনে বাংলাদেশের নামে একটি বালক দলকে অংশগ্রহণকারী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু বাফুফের বক্তব্য অনুযায়ী, দলটির অংশগ্রহণের বিষয়ে ফেডারেশন অবগত ছিল না। ফলে কারা দলটি গঠন করেছে এবং কীভাবে বাংলাদেশের নামে নিবন্ধন সম্পন্ন হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
একই প্রতিযোগিতায় বেনিনের বিপক্ষে ২৭ গোল হজম করে ভারতও আলোচনায় এসেছে। তবে বাংলাদেশের নামে অংশ নেওয়া দলটি আলজেরিয়ার বিপক্ষে এক ম্যাচেই ৪০ গোল হজম করেছে।
এর আগে ২০২৪ সালে এই প্রতিযোগিতার উদ্বোধনী আসরেও বাংলাদেশের নামে একটি বালিকা দল অংশগ্রহণকারীদের তালিকায় ছিল। ওই দলটি বাফুফের অনুমোদন বা অবগতি ছাড়া নিবন্ধিত হয়েছিল কি না, সে বিষয়ে আইএসএফের নথিপত্রে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত আইএসএফ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতিপ্রাপ্ত একটি বৈশ্বিক স্কুল ক্রীড়া সংস্থা। সংস্থাটি মূলত অনূর্ধ্ব-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। আইএসএফের নিজস্ব বিধিমালায় টুর্নামেন্ট পরিচালিত হলেও ফুটবল ম্যাচগুলো ফিফার নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয়।