২৪ অক্টোবর ২০২৬, ১৩:১৬

‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্রির

লিওনেল মেসি ও পেদ্রি  © সংগৃহীত

লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দিচ্ছেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি। একই সঙ্গে আর্জেন্টাইন মহাতারকাকে তার প্রাপ্য সম্মান জানিয়ে বার্সেলোনায় রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়ার দাবি জানিয়েছেন স্পেনের এই তারকা। শুধু তা-ই নয়, মেসির প্রতি আজীবনের মুগ্ধতা থেকে দক্ষিণ আমেরিকার একটি ক্লাবের প্রতি নিজের সমর্থনের কথাও জানিয়েছেন তিনি।

ফুটবল ইতিহাসে মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পেদ্রি। তার মতে, সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রশ্নে মেসির চেয়ে এগিয়ে কেউ নেই। হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা এই স্প্যানিশ মিডফিল্ডার ২০২১ সালে মেসির প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার অল্প কিছুদিন আগে বার্সার প্রথম দলের হয়ে খেলা শুরু করেন। ফলে একই মাঠে মাত্র এক মৌসুম দুজনের একসঙ্গে খেলার সুযোগ হয়েছিল।

সময়টা সংক্ষিপ্ত হলেও আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকে নিয়ে মুগ্ধতা এতটুকু কমেনি পেদ্রির। এই তরুণ স্প্যানিশ তারকার বিশ্বাস, ফুটবল দুনিয়ায় কেউই আর্জেন্টাইন কিংবদন্তির অসাধারণ কীর্তি ও উত্তরাধিকারের ধারেকাছেও যেতে পারবেন না।

মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে তাদের একসঙ্গে পথচলা এত দ্রুত শেষ হয়ে যাওয়ায় হতাশাও প্রকাশ করেছেন পেদ্রি। মাঠে দুজনের বোঝাপড়া উপভোগ করলেও অভিজ্ঞ এই তারকার কাছ থেকে আরও বেশি শেখার সুযোগ চেয়েছিলেন তিনি।

ডিস্পোর্টসকে পেদ্রি বলেন, “আমার কাছে মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়। আমি জানি, এ বিষয়ে কারও কারও ভিন্ন মত থাকতে পারে। কিন্তু নিজের চোখে যা দেখেছি, তার ভিত্তিতে বলতে পারি, তার ধারেকাছেও কেউ নেই। পুরো এক বছর তার সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছিল আমার, কিন্তু সেই এক বছরকে খুব কম সময় মনে হয়েছে। তার সঙ্গে আরও অনেক বছর কাটাতে পারলে ভালো লাগত।”

আর্থিক সংকটের কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সেলোনা। ফলে ২০২১ সালে অশ্রুসিক্ত চোখে ক্যাম্প ন্যু ছাড়তে হয়েছিল ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা এই কিংবদন্তিকে। ক্লাবের সমর্থকদের সামনে প্রথাগত বিদায় সংবর্ধনাও পাননি তিনি। পেদ্রির মতে, ভবিষ্যতে এই পরিস্থিতির অবশ্যই পরিবর্তন হওয়া উচিত।

বার্সেলোনার হয়ে মেসির অসামান্য অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার ওপর জোর দিয়ে এই মিডফিল্ডার বলেন, “এফসি বার্সেলোনায় তার মহত্ত্বের সঙ্গে মানানসই একটি বিদায় সংবর্ধনা প্রাপ্য মেসির।”

মেসির প্রতি ভালোবাসা যে শুধু বার্সেলোনায় তার খেলার সময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেটিও জানিয়েছেন পেদ্রি। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি নিজের বিশেষ দুর্বলতার কথা জানিয়ে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ছোটবেলা থেকেই মেসির প্রতি মুগ্ধতার কারণে তিনি আর্জেন্টিনাকে সমর্থন করে আসছেন।

পেদ্রি বলেন, “লিও মেসির কারণে আর্জেন্টিনা আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। ছোটবেলা থেকেই আমি তাদের সমর্থন করি। স্পেন কোনো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে আমি আর্জেন্টিনাকে সমর্থন করতাম, কারণ বহু বছর ধরে লিওর প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে। আর আর্জেন্টিনায় আমি নিউয়েলস ওল্ড বয়েজকে সমর্থন করি—সবকিছুর পেছনেই মেসি।”

সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন মেসি। এর আগে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এখন তার পুরো মনোযোগ ক্লাব ফুটবলে, যেখানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন এই আর্জেন্টাইন মহাতারকা। মেজর লিগ সকারের (এমএলএস) আসন্ন ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে মেসির দলের।

অন্যদিকে, গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর প্রস্তুতি নিচ্ছেন পেদ্রি ও তার বার্সেলোনা সতীর্থরা। রবিবারের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।