মেসি-বেকহ্যামকে খোঁচা নেইমারের
ব্রাজিলের ঘরোয়া ফুটবলের জনপ্রিয় আসর ব্রাসিলেইরাওয়ে ফ্লুমিনেন্সকে হারিয়ে জয় পেয়েছে সান্তোস। দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন নেইমার জুনিয়র। আর সেই পোস্টের ক্যাপশনেই লিওনেল মেসি ও ডেভিড বেকহ্যামকে নিয়ে মজার ছলে খোঁচা দেন ব্রাজিলিয়ান তারকা।
ছবিতে নেইমারের সঙ্গে রদিনিই, ফিলিপে কুতিনহো, এভারটন সেবোলিনহা, গ্যাবিগোল ও গ্যাব্রিয়েল বনতেম্পোকে দেখা যায়। ছবিটির ক্যাপশনে নেইমার লেখেন, ‘ব্রাজিলের ইন্টার মায়ামি’। পাশাপাশি আর্জেন্টাইন মহাতারকা মেসি ও ইন্টার মায়ামির সভাপতি বেকহ্যামকে ট্যাগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। সময়ের সঙ্গে ক্লাবটিতে যোগ দিয়েছেন বিশ্বফুটবলের একাধিক পরিচিত মুখ। মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পালের মতো তারকারাও ক্লাবটির হয়ে খেলেছেন। অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ দল গড়ার ক্ষেত্রে ইন্টার মায়ামির সঙ্গে সান্তোসের খেলোয়াড়দের তুলনা টেনেই মূলত মজার ছলে পোস্টটি করেন নেইমার।
এদিকে ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফিলিপে কুতিনহো। মূল একাদশে সুযোগ পেয়ে গোলও করেন তিনি। সান্তোসের জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল। সতীর্থের এই পারফরম্যান্সে মুগ্ধ নেইমারও আলাদা করে প্রশংসা করেন তাকে। কুতিনহোকে উদ্দেশ করে নিজের পোস্টে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী লেখেন, ‘ফুটবলের তোমাকে প্রয়োজন, জাদুকর!’
এই জয়ের পর পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে সান্তোস। ৪৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা দলটি পঞ্চম স্থানে থাকা ফ্লুমিনেন্সের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে।