২০ অক্টোবর ২০২৬, ১৫:৪২

জরিমানার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর

ক্রিস্টিয়ানো রোনালদো  © সংগৃহীত

আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে ম্যাচ চলাকালে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এ ঘটনায় শুরুতেই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তবে চূড়ান্ত শাস্তির বিষয়ে তখন কিছু জানানো হয়নি। জাতীয় দল ছাড়ার প্রায় তিন সপ্তাহ পর সোমবার রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা করেছে দেশটির ফেডারেশন।

তবে জরিমানার অঙ্কটা নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হাস্যরস। বিশেষ করে সৌদি ক্লাব আল নাসরে রোনালদোর আয়ের সঙ্গে তুলনা করে অনেকেই করছেন নানা রকম তির্যক মন্তব্য।

এক্সে এক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘রোনালদো সৌদি আরবে প্রতি মিনিটে ৩৫০ ইউরো আয় করেন, আর পর্তুগাল তাকে জরিমানা করেছে মাত্র ২৫৫ ইউরো! ভাঁড়!’

এমন মন্তব্যের পেছনে অবশ্য রয়েছে রোনালদোর আয়ের বিশাল অঙ্ক। তিন দিন আগেই ফোর্বসের প্রকাশিত তালিকায় ২০২৬ সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী ফুটবলার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন ৪১ বছর বয়সী এই তারকা। মাঠ ও মাঠের বাইরের আয় মিলিয়ে তার উপার্জন দেখানো হয়েছে ৩০ কোটি ডলার। ফলে এমন একজন ফুটবলারকে মাত্র ২৫৫ ইউরো জরিমানা করায় বিস্ময়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’ও বিষয়টি নিয়ে করেছে মজার হিসাব। তাদের হিসাব অনুযায়ী, জরিমানার সমপরিমাণ অর্থ উপার্জন করতে রোনালদোর সময় লাগবে মাত্র ৩৮ দশমিক ৬ সেকেন্ড!

গত বছরের জুনে আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেন রোনালদো। ‘এ বোয়া’র তথ্য অনুযায়ী, নতুন চুক্তিতে ক্লাবটি থেকে বছরে তার মূল বেতন প্রায় ২০ কোটি ৮০ লাখ ইউরো। বোনাস ও অন্যান্য আয় যোগ করলে অঙ্কটি দাঁড়ায় প্রায় ২৫ কোটি ইউরো। এই হিসাবে আল নাসরে রোনালদোর দৈনিক আয় প্রায় ৫ লাখ ৮০ হাজার ১১২ ইউরো।

অর্থাৎ, ফেডারেশনের করা ২৫৫ ইউরো জরিমানা পরিশোধের সমপরিমাণ অর্থ আয় করতে রোনালদোর প্রয়োজন মাত্র ৩৮ দশমিক ৬ সেকেন্ড। আর তার বার্ষিক মূল বেতনের তুলনায় এই জরিমানার পরিমাণ মাত্র ০.০০০১২ শতাংশ। অঙ্কটা তাই রোনালদোর জন্য সামান্য হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের খোরাক জোগাতে যথেষ্ট!