০৮ অক্টোবর ২০২৬, ১৬:০৪

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাকে বেছে নিলেন স্প্যানিশ কিংবদন্তি

ডেভিড সিলভা  © সংগৃহীত

চলতি বছরের ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক প্রার্থীর নাম বলেছেন স্প্যানিশ কিংবদন্তি ডেভিড সিলভা। একই সঙ্গে চলতি মৌসুমের লা লিগার শিরোপার লড়াইয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সম্ভাবনা নিয়েও নিজের মত জানিয়েছেন সাবেক এই তারকা।

২০২৩ সালের গ্রীষ্মে ফুটবলকে বিদায় জানানোর আগে ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও রিয়াল সোসিয়েদাদের হয়ে দুর্দান্ত ক্যারিয়ার কাটিয়েছেন সিলভা। স্পেন জাতীয় দলের হয়েও ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন ৪০ বছর বয়সী এই তারকা।

অবসরের তিন বছর পর আবারও এক ম্যাচের জন্য মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হংকংয়ের ক্লাব সুপ্রিম চাটানের হয়ে একটি ম্যাচ খেলবেন সিলভা।

স্প্যানিশ রেডিও কোপের ‘এল পার্তিদাজো’ অনুষ্ঠানে কথা বলার সময় সিলভাকে ২০২৬ ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ী সম্পর্কে প্রশ্ন করা হলে স্বদেশি ফাবিয়ান রুইজকে বেছে নেন তিনি। বর্তমানে প্যারিস সাঁ-জার্মেইয়ের এই মিডফিল্ডারকে যথেষ্ট স্বীকৃতি দেওয়া হয় না বলেও মনে করেন সিলভা।

তিনি বলেন, “আমার কাছে দলগত সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, দল ছাড়া আপনি কিছুই জিততে পারবেন না। তবে যদি আমাকে কাউকে বেছে নিতে হয়, তাহলে আমি ফাবিয়ানকে বেছে নেব। গত দুই বছরে সে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে। পিএসজি এবং জাতীয় দলের হয়েও সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

সিলভা যোগ করেন, “সে কেন যথেষ্ট স্বীকৃতি পায় না, আমি জানি না। কারণ, সে অসাধারণ একজন খেলোয়াড়। আমি তাকে অনেক পছন্দ করি এবং নীরবে সে দুর্দান্ত কাজ করে যাচ্ছে।”

তবে সিলভা স্বীকার করেছেন, গতবার ব্যালন ডি’অর জয়ী স্পেনের আরেক তারকা রদ্রিকে বিবেচনায় রাখতেন, যদি তিনি আগেই পুরস্কারটি না জিততেন।

“রদ্রি তো ইতিমধ্যেই এটি জিতেছে। তা না হলে তাকেও আমি উল্লেখ করতাম,” বলেন তিনি।

এদিকে চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের শিরোপা লড়াই নিয়েও কথা বলেছেন সিলভা। বর্তমানে বার্সেলোনা ৬ পয়েন্টে এগিয়ে থাকায় রিয়ালের পক্ষে সেই ব্যবধান ঘুচিয়ে শিরোপা জেতা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল বেশ স্পষ্ট।

“বার্সেলোনা যদি এভাবেই খেলতে থাকে, তাহলে সেটা অসম্ভব,” বলেন সিলভা।

বার্সেলোনার সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, “তারা খুব উচ্চ পর্যায়ের ফুটবল খেলছে। এই কোচের (হান্সি ফ্লিক) অধীনে তারা বহুদিন ধরেই দারুণ পারফর্ম করছে। পাশাপাশি সে দলটাকেও খুব ভালোভাবে শক্তিশালী করেছে। তারা যদি এই মান ধরে রাখতে পারে, তাহলে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না।”

তবে রিয়াল মাদ্রিদকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না বলেও সতর্ক করেছেন সাবেক এই স্প্যানিশ তারকা।

“রিয়াল মাদ্রিদকে কখনোই বাদ দেওয়া যায় না। তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে। তারা যদি শেষ পর্যন্ত ব্যবধানটা কাছাকাছি রাখতে পারে, তাহলে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে,” বলেন তিনি।

তবে নিজের অবস্থান আবারও পরিষ্কার করে সিলভা যোগ করেন, “আমি আবারও বলছি, বার্সেলোনা যদি এই পর্যায়ের ফুটবল খেলতে থাকে, তাহলে আমি মনে করি না রিয়াল মাদ্রিদের পক্ষে সেটা সম্ভব হবে।”