০৭ অক্টোবর ২০২৬, ১৯:১৪

বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি

লিওনেল মেসি   © সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল মেসির শেষ ম্যাচ। বিদায়ী ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলেও অবদান রাখেন তিনি।

ম্যাচ শেষে হাতে মাইক্রোফোন নিয়ে আবেগঘন বক্তব্য দেন মেসি। সেখানে আর্জেন্টিনার হয়ে তার দীর্ঘ ক্যারিয়ার, দেশের মানুষের স্বপ্ন এবং সর্বশেষ বিশ্বকাপের নানা প্রসঙ্গ উঠে আসে। বিশেষ করে স্পেনের বিপক্ষে সেই বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। 

সেই ফাইনালে আর্জেন্টিনাকে একেবারেই ছন্দে দেখা যায়নি। মেসিও নিজের সেরাটা দিতে পারেননি। ১২০ মিনিট মাঠে থেকেও একটি শট অন টার্গেট নিতে পারেননি তিনি। ফাইনালের পর ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। একাধিক ভিডিওতে মেসিকে ‘সবাই শান্ত হও’ বলতে শোনা যাওয়ার পর গুঞ্জন আরও জোরালো হয়। ধারণা করা হচ্ছিল, ড্রেসিংরুমে কোনো ঘটনা ঘটেছিল এবং সেটির প্রভাব খেলোয়াড়দের মধ্যেও পড়েছিল।

এমনকি আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো মেদিনার মায়ের মধ্যেও বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পরে আর্জেন্টিনার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে বিষয়টি পরিষ্কার করলেও এবার মেসি নিজেই সেই প্রসঙ্গে কথা বললেন।

মেসি বলেন, শেষ বিশ্বকাপটা খুবই আবেগপূর্ণ ছিল। আমরা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম এবং প্রায় সেটি অর্জন করেও ফেলেছিলাম। কিন্তু কেউ কেউ যা বলছে, ফাইনালে তেমন অস্বাভাবিক কিছুই ঘটেনি। আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম।

ফাইনালে আর্জেন্টিনার প্রত্যাশিত পারফরম্যান্স না করার পেছনে শারীরিক ক্লান্তিকেই বড় কারণ হিসেবে দেখছেন মেসি। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর দলের খেলোয়াড়রা পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে জানান তিনি।

তিনি বলেন, ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটা আমাদের জন্য ছিল প্রচণ্ড চাপের। বিশ্বকাপের পর অনেক তত্ত্ব আর নানা রকম গল্প ছড়িয়েছে। মূলত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই আমাদের শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই নিঃশেষ করে দিয়েছিল। তবুও আমরা সমস্ত শক্তি দিয়ে লড়েছি।