মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির এক অবিস্মরণীয় অধ্যায় শেষ হয়েছে। কিংবদন্তির বিদায়ী ম্যাচের আবেগঘন রাতেই জাতীয় দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি।
বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে আলোচনার কেন্দ্রে ছিল আলবিসেলেস্তেদের জার্সিতে এটি মেসির শেষ ম্যাচ।
এদিকে মেসির বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আর্জেন্টিনার ডাগআউটে কি স্কালোনি থাকছেন? অবশ্য, ম্যাচ শেষেই নিজের ভবিষ্যৎ এবং মেসিকে নিয়ে কথা বলেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
স্কালোনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আমি কোচিং চালিয়ে যাব। মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছে, তা অবিশ্বাস্য। এটাই আমি সঙ্গে করে নিয়ে যাব। মাঠে তার মতো আর কখনোই কিছু থাকবে না। তার প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ।’
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। যদিও তাকে আরও একটি বিশ্বকাপ চক্রের জন্য দায়িত্বে রাখতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে এখনো চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনিও বলেন, ‘এখনো কোনো আপডেট নেই।’
মেসিকে ছাড়া আর্জেন্টিনার সামনে যে নতুন ও কঠিন বাস্তবতা অপেক্ষা করছে, সেটিও অকপটেই স্বীকার করেছেন স্কালোনি। জানালেন, এখন তরুণদের নিয়ে নতুন করে দল গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘কঠিন হতে যাচ্ছে। সে নিজেও এটা বলেছে। গত কয়েক বছরে আমরা যা পেয়েছি, সেটা স্বাভাবিক কোনো বিষয় নয়। সামনে কঠিন সময় আসতে পারে। তবে আমরা সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। নতুন ও তরুণ খেলোয়াড়রা আসবে, তারা আমাদের অনেক কিছু দেবে।’
মেসির মতো একজনকে পাশে পাওয়ার অনুভূতি যে অতুলনীয়, সেটিও তুলে ধরেছেন স্কালোনি। তার ভাষায়, ‘আপনার পাশে তাকে পাওয়ার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। মানুষকে এটা বোঝানো খুব কঠিন। এটা অনুভব করতে হয়। এটা তুলনাহীন।’
মেসির শূন্যতা পূরণ করা সম্ভব নয় বলেও মনে করেন আর্জেন্টাইন এই কোচ। নতুন খেলোয়াড়দের নিয়ে ভালো দল গড়া সম্ভব হলেও মেসির মতো প্রভাব আর কারও মধ্যে দেখেননি তিনি।
স্কালোনি বলেন, ‘আমরা যতই দল পুনর্গঠন করি, নতুন যারা আসছে তাদের নিয়ে দারুণ একটি দল গড়ে তুলতে পারি। কিন্তু অন্য কারও মধ্যে আমি কখনো সেই আভা দেখিনি।’
মাঠে মেসি যে বিশেষ প্রভাব তৈরি করতেন, সেটিও আর থাকবে না বলে মনে করেন স্কালোনি। তবে সেই শূন্যতার মধ্যেই নতুন পথ খুঁজে নেওয়ার প্রত্যয় তার।
‘সে যা তৈরি করত, সেটা আর থাকবে না। আমরা নতুন কিছু উপায় খুঁজব, নতুন অস্ত্র খুঁজব। কিন্তু সেই অনুভূতিটা আর থাকবে না। তাকে উপভোগ করতে পারাটা ছিল অসাধারণ। এখন তাকে ছাড়া আমাদের এগিয়ে যেতে হবে,’ বলেন স্কালোনি।