০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি

লিওনেল মেসি   © সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা লিওনেল মেসির। বিদায়ের সেই মুহূর্ত যত এগিয়ে আসছে, ততই ভারী হচ্ছে আবেগ। জাতীয় দলের হয়ে শেষ অনুশীলন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মেসির বার্তাতেও ফুটে উঠেছে দীর্ঘ পথচলার স্মৃতি ও বিদায়ের অনুভূতি।

এজেইজা অনুশীলনকেন্দ্রে জাতীয় দলের হয়ে শেষবারের মতো অনুশীলন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। অনুশীলন শেষে সতীর্থ, কোচিং স্টাফ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের সঙ্গে ছবি তোলেন তিনি। পরে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মেসি লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো আমি মিস করব।’

মেসির প্রকাশ করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও এএফএর কর্মীদের একসঙ্গে দেখা গেছে। ছবিতে ছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও। সতীর্থদের সঙ্গে হাসিমুখে মেসির সেই ছবি যেন জাতীয় দলের সঙ্গে তার দীর্ঘ পথচলার একটি আবেগঘন স্মারক হয়ে উঠেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে মেসিকে পুরো ৯০ মিনিট মাঠে রাখার পরিকল্পনা রয়েছে। ফলে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ ঘিরে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে থাকছে দর্শকদের উপচে পড়া উপস্থিতি।

আগামীকাল মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচটি। জাতীয় দলের হয়ে মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই ম্যাচের দলে রয়েছেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোর মতো পরিচিত মুখও। ওতামেন্দিও জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তবে তারা শুরু থেকে খেলবেন কি না কিংবা কতটা সময় মাঠে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

মেসির বিদায়ী আয়োজনে থাকছে আরও নানা চমক। উপস্থিত থাকার কথা কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের প্রায় সব সদস্যের। থাকবেন অতিথি শিল্পীরাও। সব মিলিয়ে মনুমেন্টাল স্টেডিয়ামের রাতটি হয়ে উঠতে যাচ্ছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের এক অবিস্মরণীয় অধ্যায়ের শেষ পৃষ্ঠা।