মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
লিওনেল মেসির জাতীয় দলের বিদায়ী ম্যাচ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। প্রিয় তারকাকে বিদায় জানাতে স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’র প্রতিবেদনে বলা হয়েছে, সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। স্থানীয় সময় সোমবার বিকেলে দ্বিতীয় অনুশীলনে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবে আর্জেন্টিনা। এরপরই বেনিনের বিপক্ষে একাদশ চূড়ান্ত করবেন কোচ লিওনেল স্কালোনি।
মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে আগের দুই ম্যাচের তুলনায় একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। অভিজ্ঞ খেলোয়াড়দের কয়েকজনকে আবারও শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের দুই প্রীতি ম্যাচে মাঠে নামেননি মেসি। মূলত বিদায়ী ম্যাচকে সামনে রেখেই তাকে স্কোয়াডে রাখা হয়েছিল। একই কারণে জিওভানি লো সেলসো, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দিকেও দলে রাখা হয়েছে বলে জানা গেছে।
মেসির বিদায়ের আগে অবশ্য দারুণ ছন্দে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। সাম্প্রতিক ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারায় আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসোর বিপক্ষেও এসেছে আরও বড় জয়—৭-০ গোলে জিতেছে স্কালোনির দল।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সূচি অনুযায়ী, ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেনিন। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ৭ অক্টোবর ভোর ৫টায়।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।