বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
বেনিনের বিপক্ষে ম্যাচের আগে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো এলদেন্সের পূর্ণ মালিকানা বুঝে নিয়েছেন লিওনেল মেসি। ক্লাবটির মালিকানা পাওয়ার পরই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, এলদেন্সের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নিজের বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তিদের নিয়ে নতুন একটি ম্যানেজমেন্ট টিম গঠন করতে চান মেসি। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নিচ্ছেন তিনি।
তবে এলদেন্সের মালিকানা চুক্তির চূড়ান্ত অনুমোদনের জন্য এখনো স্পেনের হাই-কাউন্সিল ফর স্পোর্টসের (সিএসডি) সিদ্ধান্তের অপেক্ষায় আছেন মেসি।
স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটির গুরুত্বপূর্ণ নির্বাহী পদে মেসির ঘনিষ্ঠ দুই ব্যক্তি পাবলো গার্সিয়া মন্তানেস ও আলফনসো নেবোতের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।
পাবলো গার্সিয়া মন্তানেসের ব্যাংকইন্টার ও ডেলয়েটের মতো প্রতিষ্ঠানে পেশাগত অভিজ্ঞতা রয়েছে। গত মে মাস থেকে উনিয়ো এস্পোর্তিভা কর্নেয়ার প্রশাসনিক দলেও কাজ করছেন তিনি। কাতালান এই ক্লাবটি গত এপ্রিলে কিনেছিলেন মেসি।
অন্যদিকে মেসির দীর্ঘদিনের আস্থাভাজন আলফনসো নেবোত। অ্যান্ডব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য তিনি। ২০০৯ সাল থেকে মেসি পরিবারের ওয়েলথ ম্যানেজমেন্ট অফিসের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। মেসির সম্পদ ও আর্থিক বিষয়গুলো দেখভালের দায়িত্ব তার ওপর।
এলদেন্সের বর্তমান কোচ হাভিয়ের কালেহাও সম্প্রতি ক্লাবের নতুন মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানিয়েছেন। তার দাবি, কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়েরা নতুন মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।