০১ অক্টোবর ২০২৬, ১৯:৪৪

ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল

বাংলাদেশ ফুটবল দল  © সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচের প্রথমার্ধেই ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে আছে হামজা চৌধুরীর দল।

১১ মিনিটেই ম্যাচে লিড নেয় স্বাগতিক ইন্দোনেশিয়া। ডান দিক দিয়ে ওলে রোমেনি বাংলাদেশের শুকি ইতোফুসাকে কাটিয়ে বক্সে বল ফেলেন। মিচেল বাকের দ্রুতই সেই বলে পা চালান। তারিক কাজী আর সাদ উদ্দিনের পাশ দিয়েইবল ফাঁকি দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে।

২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্দোনেশিয়া। ওলে রোমেনি এবার বাংলাদেশ রক্ষণ ভাঙেন বাম দিক দিয়ে। সাদ উদ্দিনকে কেনো সুযোগ না দিয়ে তিনি শট নেন পোস্টে। মেহেদী হাসান শ্রাবণ ঠেকিয়ে দিয়েছিলেন বটে। তবে শেষ রক্ষা হয়নি।

ফিরতি বল চলে যায় বক্সের বাইরে থাকা রাগনারের কাছে। তিনি যে শট নেন গোলমুখে, সেখানে খুব কাছাকাছি চিলেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ, ডিফেন্ডার তারিক কাজী ও ইন্দোনেশিয়ার মিচেল বাকের। মিচেল এবারো ভুল করেননি। পায়ের টোকায় কাঁপান বাংলাদেশের জাল।

৩২ মিনিটে ইন্দোনেশিয়া ব্যবধান ৩-০ করে রিজকি রিধোর গোলে। আবার সেই রোমেনি। কখনো ডান দিক দিয়ে কখনো বাম দিক দিয়ে বাংলাদেশের রক্ষণ তছনছ করা রোমেনি এবার ডান দিক দিয়ে ঢুকে ক্রস ফেলেন বক্সে। তারিক কাজী ও শুকি ইতোফুসা ছিলেন রিধোর এক গজের মধ্যে। কেউ বাধা দিতে পারেননি। বক্সের কোনা থেকে ডান পায়ে গড়ানো শটে গোল করেন রিধো।

৩৬ মিনিটে শুকির ক্রসে শাহরিয়ার ইমনের হেডে বাংলাদেশ ব্যবধান ৩-১ করেছিল। তবে পরের মিনিটেই মিচেল বাকের পূর্ণ করেন হ্যাটট্রিক। রোমেনি ডান দিক দিয়ে ঢুকে ক্রসে করলে মিচেল ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন ৪-১ গোলে।

৪৩ মিনিটে মিচেল নিজের চতুর্থ গোল করলে ইন্দোনেশিয়া লিড নেয় ৫-১ এ। বক্সের বাইরে থেকে জাস্টিস হাবনারের ক্রসে গোল করেছেন মিচেল। বাংলাদেশ ষষ্ঠ গোল হজম করে প্রথমার্ধের ইনজুরি সময়ে। কালভিনের কর্নার থেকে হেডে গোল করেন জাস্টিন হাবনার।

বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও শামিত সোম (সোহেল রানা)।