২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫২

হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচের

থমাস ডুলি  © সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার সঙ্গে বড় পরাজয়ের পর সিঙ্গাপুরের কাছেও হতাশার হার নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। ১-০ গোল ব্যবধানে এই পরাজয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের স্বাদ নিল জামাল ভূঁইয়ার দল। এতে গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বাজল লাল-সবুজের প্রতিনিধিদের। দুই ম্যাচের সবমিলিয়ে ৪ গোল হজম করেছে বাংলাদেশ, বিপরীতে একবারও জালের দেখা পায়নি লাল-সবুজেরা।

যদিও সিঙ্গাপুরের সঙ্গে পরাজয়ের পরও দলের পারফরম্যান্স এবং অ্যাপ্রোচে সন্তুষ্ট বলে জানিয়েছেন হেড কোচ থমাস ডুলি। একইসঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের শেখার সুযোগও দেখছেন তিনি। 

ম্যাচ শেষে মার্কিন এই কোচ বলেন, 'ছেলেরা আজ যে ফুটবল খেলেছে, তাতে আমি খুশি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ফুটবল খেলা এবং দেখানো যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। যদিও আমরা জয় চেয়েছিলাম, কিন্তু বাস্তবতাও বুঝতে হবে যে আমরা কার বিপক্ষে খেলছি। লড়াইটা সহজ নয়, কিন্তু আজ আমরা সমান তালে লড়াই করেছি।'

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসের ছাপ রেখেছিল বাংলাদেশ। ফুটবলারদের খেলার ধরণেও বিষয়টি স্পষ্ট ছিল। কিন্তু লাল-সবুজ শিবিরের হঠাৎ ছন্দপতনের সুযোগ কাজে লাগিয়েই কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় সিঙ্গাপুর।

ডুলির ভাষ্য, 'এই টুর্নামেন্টে খেলতে পেরে আমরা খুশি। কারণ, এখানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো দল রয়েছে, যারা সবাই র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। র‍্যাঙ্কিং এমনি এমনি নির্ধারিত হয় না; তাই পার্থক্যের একটি বড় কারণ রয়েছে। আমরা এখানে সবাইকে হারিয়ে দিতে আসিনি, বরং নিজেদের ভুলগুলো চিহ্নিত করে তা থেকে শিখতে এসেছি।'

এদিকে আসিয়ান কাপে টানা দুই পরাজয়ে শিরোপা রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোল ব্যবধানে হারা সিঙ্গাপুর তিন পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে টিকে রয়েছে। পয়েন্ট টেবিলে তিনে তারা। এ ছাড়া সমান পয়েন্টে টেবিলের দুইয়ে ইন্দোনেশিয়া। একই পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে থেকে সবার ওপরে মালয়েশিয়া।