আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় পরাজয়ের পর সিঙ্গাপুরের কাছেও হতাশার হার সঙ্গী করেই মাঠ ছেড়েছে বাংলাদেশ। ১-০ গোল ব্যবধানে এই পরাজয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের স্বাদ নিল জামাল ভূঁইয়ার দল। এতে গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বাজল লাল-সবুজের প্রতিনিধিদের।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গ্যালোরা বুংকার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে সক্রিয় ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই কর্নার আদায় করে নেয় তারা। ১৫তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন রাকিব হোসেন। তবে কাছাকাছি থাকা কোনো সতীর্থকে বল বাড়িয়ে দেওয়ার সুযোগ পাননি।
মাঝে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সিঙ্গাপুর। ১৬তম মিনিটে ইলহান ফান্দির নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। ৩৩তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিকও দারুণভাবে প্রতিহত করেন তিনি।
তবে দুই মিনিট পর আর বাংলাদেশকে রক্ষা করতে পারেননি এই গোলকিপার। ৩৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট।
দ্রুতই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। ৩৭তম মিনিটে ডান দিক থেকে নেওয়া তাদের শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষমেশ ১-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফেরার পরও আক্রমণে ধার কমেনি সিঙ্গাপুরের। ম্যাচের ৪৭তম মিনিটে দূরপাল্লার শট কর্নারে ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিলেন শাহ শাহিরান। তবে গোলকিপার শ্রাবণের একক নৈপুণ্যে রক্ষা হয় বাংলাদেশের।
৬৪তম মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে সাদ-উদ্দিনের ক্রসে লাফিয়ে হেডের চেষ্টা করেন শমিত সোম। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় বারের ওপর দিয়ে চলে যায় বল।
৭৯তম মিনিটে ফাহামিদুলের ক্রস থেকে দুর্দান্ত দক্ষতায় হেড নিয়েছিলেন রাকিব হোসেন। তবে সিঙ্গাপুরের স্টুয়ার্টের গায়ে লেগে কর্ণারে পরিণত হয় তা।
বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। শেষমেশ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।
এই জয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোল ব্যবধানে হারা সিঙ্গাপুর তিন পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে টিকে থাকল। পয়েন্ট টেবিলে তিনে তারা। অন্যদিকে সমান পয়েন্টে টেবিলের দুইয়ে ইন্দোনেশিয়া। একই পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে থেকে সবার ওপরে মালয়েশিয়া।