বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর লিওনেল মেসি ও লামিন ইয়ামালের সেই আলিঙ্গনের দৃশ্য দেখে আবেগী কোনো গানের কথাগুলো মনে পড়তেই পারে। একজন ক্যারিয়ারের প্রায় সবকিছু জিতে বিদায়ের প্রহর গুনছেন, অন্যজন মাত্রই ছুঁয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য, শুরু করেছেন নতুন এক রাজত্বের অধ্যায়।
বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই যখন বিশ্বজয়ের উন্মাদনায় ডুবে যাচ্ছিল স্পেন, তখন সেই উদ্যাপনে যোগ দেওয়ার আগে ছুটে গেলেন লামিন ইয়ামাল। পরম শ্রদ্ধায় জড়িয়ে ধরলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে।
দৃশ্যটি নিছক দুই প্রজন্মের দুই তারকার কুশল বিনিময় ছিল না। যেন এক কিংবদন্তির হাত থেকে আরেক তরুণ প্রতিভার হাতে ব্যাটন তুলে দেওয়ার ঐতিহাসিক মুহূর্ত। শৈশবে যার ছোঁয়ায় শুরু হয়েছিল পথচলা, সেই পথপ্রদর্শকের চোখে চোখ রেখেই এবার বিশ্বজয়ের গল্প লিখছেন ইয়ামাল। অন্যদিকে, ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়েও হারের বেদনা ভুলে স্প্যানিশ তরুণকে পরম মমতায় বুকে টেনে নিয়েছেন মেসি।
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিশ্বকাপ ফাইনালের পর মেসির সঙ্গে সেই সংক্ষিপ্ত কথোপকথনের কথা জানিয়েছেন ইয়ামাল।
অতিরিক্ত সময়ের ম্যাচে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হওয়ার পর শেষ বাঁশি বাজতেই মেসির দিকে ছুটে যান ইয়ামাল। তাকে জড়িয়ে ধরে কয়েক মুহূর্ত কথা বলেন।
ফুটবলপ্রেমীদের কাছে মুহূর্তটি হয়ে ওঠে গভীর আবেগের প্রতীক। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে ইয়ামালের অভিষেকের পর থেকেই তার সঙ্গে মেসির তুলনা চলে আসছে। তাই অনেকের চোখে সেই আলিঙ্গন হয়ে ওঠে ‘পাসিং অব দ্য টর্চ’-এর নিখুঁত প্রতীক—মেসির হাত থেকে ফুটবলের পরবর্তী যুগের নেতৃত্ব যেন এসে পৌঁছেছে ইয়ামালের হাতে।
বিশ্বকাপ জয়ের পর সেই ঐতিহাসিক মুহূর্তে মেসিকে ঠিক কী বলেছিলেন ইয়ামাল?
বার্সেলোনার তারকা এই উইঙ্গারের ভাষায়, “আমি তাকে বলেছিলাম, ফুটবলের জন্য আপনি যা কিছু দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। শুধু ক্যামেরার সামনে সুন্দর একটা ছবি তোলার জন্য আমি এটা করিনি। কথাটা সত্যিই আমার হৃদয় থেকে এসেছিল।”
আর্জেন্টিনার বিপক্ষে সেই অবিস্মরণীয় ফাইনাল নিয়েও কথা বলেছেন এবারের ব্যালন ডি’অরের অন্যতম আলোচিত দাবিদার ইয়ামাল। তার দাবি, এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরই স্পেনের খেলোয়াড়েরা বিশ্বাস করতে শুরু করেছিলেন, বিশ্বকাপের ট্রফি তাদের হাতেই উঠতে যাচ্ছে।
ইয়ামাল বলেন, “আমরা জানতাম, ১০ জনের দল নিয়ে আমাদের বিপক্ষে তাদের গোল করা প্রায় অসম্ভব। আর তারা যখন ১০ জনে নেমে গেল, তখন আমাদের পক্ষে গোল না করাটাও খুব কঠিন ছিল।”